বালুরঘাট জেলা হাসপাতালে চালু হচ্ছে সান্ধ্যকালীন ওপিডি, স্বস্তিতে সাধারণ মানুষ।

নিজস্ব সংবাদদাতা, ৫ ফেব্রুয়ারি, বালুরঘাট :- সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির খবর। দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আগামীকাল শুক্রবার থেকে বালুরঘাট জেলা হাসপাতালে চালু হতে চলেছে সান্ধ্যকালীন ওপিডি পরিষেবা। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বহির্বিভাগ পরিষেবা চালু থাকবে। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত রোগীদের জন্য টিকিট দেওয়া হবে এবং যতক্ষণ টিকিট থাকবে ততক্ষণ চিকিৎসকরা রোগী দেখবেন।বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে জেলা স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস জানান, DHS স্বপন সরেনের নির্দেশ ও স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী এই পরিষেবা চালু হচ্ছে। প্রাথমিকভাবে সপ্তাহে দু’দিন করে মেডিসিন, পেডিয়াট্রিক্স ও গাইনোলজি বিভাগের চিকিৎসকেরা রোগী দেখবেন। মঙ্গলবার ও শুক্রবার মেডিসিন, সোমবার ও বুধবার পেডিয়াট্রিক্স এবং বৃহস্পতিবার ও শনিবার গাইনোলজি বিভাগ পরিষেবা দেবে। মানুষের সাড়া মিললে ভবিষ্যতে এই পরিষেবা আরও সম্প্রসারণ করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *