লক্ষীর ভান্ডারে বাড়তি সুখবর, ঢাক–আবিরে আনন্দে ভাসল বালুরঘাটের ২২ নম্বর ওয়ার্ডের মহিলারা।

নিজস্ব সংবাদদাতা, ৫ ফেব্রুয়ারি,বালুরঘাট:- রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেটে লক্ষীর ভান্ডার প্রকল্পে মাসিক ভাতা বৃদ্ধির ঘোষণার পরেই খুশির হাওয়া বালুরঘাট জুড়ে। সাধারণ মহিলাদের জন্য মাসে ১৫০০ টাকা এবং অনগ্রসর শ্রেণীর মহিলাদের জন্য ১৭০০ টাকা ভাতা নির্ধারণ হওয়ার খবরে বৃহস্পতিবার বিকেলে উৎসবের রঙে রঙিন হয়ে উঠল বালুরঘাট শহরের ২২ নম্বর ওয়ার্ড।দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ওই ওয়ার্ডের আনন্দ বাগান পার্কে ঢাকের তালে, সবুজ আবিরে আনন্দ উদযাপনে মেতে ওঠেন এলাকার মহিলারা। ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তীর নেতৃত্বেই এই আনন্দ উৎসব। হাসি, গান আর আবির খেলায় যেন প্রকাশ পেল বহুদিনের স্বস্তি।কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী বলেন, “আজকের বাজেটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প লক্ষীর ভান্ডারের ভাতা বাড়ানো হয়েছে। বাংলার ঘরে ঘরে মা-বোনেরা যাতে আরও আত্মনির্ভর হতে পারেন, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত। সেই আনন্দ ভাগ করে নিতেই আজকের এই উৎসব।”ওয়ার্ডের বাসিন্দা পলি দাসের কথায়, লক্ষীর ভান্ডার তাঁর জীবনে বাস্তব বদল এনেছে। “আগে ছোটখাটো প্রয়োজনে স্বামীর কাছে হাত পাততে হত। এখন নিজের টাকায় মেয়ের টিউশনের খরচ দিতে পারছি। এবার ভাতা আরও বাড়ায় আমরা সত্যিই খুব খুশি,” বললেন তিনি।লক্ষীর ভান্ডারের বাড়তি বরাদ্দে শুধু অর্থনৈতিক স্বস্তিই নয়, আত্মসম্মানের অনুভূতিও যে বেড়েছে, তা এদিন বালুরঘাটের ২২ নম্বর ওয়ার্ডের মহিলাদের মুখের হাসিতেই স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *