২৭ জানুয়ারি,বালুরঘাট-চর দখলকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুরের পতিরাম সংলগ্ন হরিহরপুর এলাকায় চরম উত্তেজনা ছড়াল। মঙ্গলবার সকাল থেকেই বালি মাফিয়া ও স্থানীয় গ্রামবাসীদের মধ্যে বাদানুবাদ শুরু হয়, যা ক্রমে সংঘর্ষের পরিস্থিতি নেয়। আত্রেয়ী নদীর বুকে তৈরি হওয়া প্রায় ২০০ একর বিস্তীর্ণ চর দখলকে কেন্দ্র করেই এই অশান্তি বলে জানা গেছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বালি মাফিয়ারা জোর করে চরে ঢুকে মাটি ও বালি লুঠ করছে। প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি গ্রামবাসীদের। এদিন বালি ও মাটি বোঝাই ট্রাক্টর আটকে বিক্ষোভে সামিল হন স্থানীয়রা। খবর পেয়ে পতিরাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ক্ষুব্ধ গ্রামবাসীরা পুলিশকেও ঘেরাও করে প্রতিবাদ জানান।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ হস্তক্ষেপ করে। দীর্ঘ আলোচনার পর আপাতত এলাকায় ট্রাক্টর চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পতিরাম থানার ওসি সৎকার সাংবো জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে চর ঘিরে এই সংঘাত ভবিষ্যতে কোন দিকে মোড় নেয়, তা নিয়ে উদ্বেগে স্থানীয় বাসিন্দারা।