এসআইআর শুনানির নামে হয়রানির অভিযোগ, বালুরঘাটে জেলা কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:এসআইআর-এর হেয়ারিং-এর নামে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ তুলে বৃহস্পতিবার বালুরঘাটে বিক্ষোভ দেখাল দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস। এদিন জেলা কংগ্রেস কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর পরিক্রমা করে বালুরঘাট মহকুমা শাসকের দপ্তরের সামনে এসে শেষ হয়। সেখানে বিক্ষোভ দেখানোর পর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দেয় কংগ্রেস নেতৃত্ব।মিছিলে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি গোপাল দেব, প্রাক্তন জেলা সভাপতি স্বপন বিশ্বাস-সহ অন্যান্য নেতৃবৃন্দ। ডেপুটেশন দেওয়ার পর গোপাল দেব অভিযোগ করেন, এসআইআর শুনানির নামে মানুষকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হচ্ছে। কখনও বলা হচ্ছে যেতে হবে, আবার কখনও নানা ব্যক্তিগত প্রশ্ন করে হয়রানি করা হচ্ছে।তিনি আরও বলেন, জেলা সমহর্তার তত্ত্বাবধানে হওয়া বৈঠকে পঞ্চায়েত স্তরে শুনানির দাবি জানানো হলেও তা মানা হয়নি। বর্তমানে বিডিও অফিসে শুনানি চলছে, অথচ কাগজপত্র জমা নেওয়ার পর কোনও রিসিভ কপি দেওয়া হচ্ছে না। এতে ভবিষ্যতে সমস্যা হলে সাধারণ মানুষ কোথায় যাবে, সেই প্রশ্নও তোলেন তিনি। কংগ্রেসের দাবি, তারা এসআইআর-এর বিরোধী নয়, কিন্তু এর নামে বাংলার মানুষকে হয়রানি করা চলবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *