এক হাতেই দুই হাতের লড়াই, বালুরঘাটের কোর্টে ধুপগুড়ির কৃষ দের অনুপ্রেরণার ম্যাচ

নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট:ব্যাডমিন্টনের মতো দ্রুতগতির ও কঠিন খেলায় সাধারণ খেলোয়াড়দের সঙ্গে সমান তালে লড়াই। আর সেই লড়াইয়ের কেন্দ্রে জলপাইগুড়ি জেলার ধুপগুড়ির বাসিন্দা কৃষ দে। জন্ম থেকেই ডান হাত নেই। বাম হাতের জোরেই কোর্টে প্রতিপক্ষকে চাপে রাখছেন এমএ প্রথম বর্ষের এই ছাত্র।শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে কবিতীর্থ ক্লাবের উদ্যোগে আয়োজিত উত্তরবঙ্গ-ব্যাপী দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে নজর কেড়েছে কৃষের খেলা। বালুরঘাটের কোর্টে নেমে একের পর এক সাধারণ খেলোয়াড়কে টক্কর দিয়ে নিজের দক্ষতার প্রমাণ দেন তিনি। শুধু খেলা নয়, আত্মবিশ্বাস আর মানসিক শক্তিতেও যেন অনেকটাই এগিয়ে কৃষ।প্যারা ব্যাডমিন্টনে পরিচিত নাম কৃষ দে। প্রতি বছরই রাজ্য প্যারা গেমসে অংশগ্রহণ করেন তিনি। ঝুলিতে রয়েছে স্বর্ণপদক। প্যারা ন্যাশনাল স্তরেও প্রতিযোগিতা করেছেন এই তরুণ খেলোয়াড়। বালুরঘাটে খেলতে এসে কৃষ বলেন, জন্ম থেকেই ডান হাত নেই। কিন্তু সেটাকে কোনওদিন সমস্যা বলে ভাবিনি। সমস্যা নিয়েই চলতে চলতে অভ্যাস হয়ে গেছে।কৃষের পার্টনার ও বন্ধু অভিষেক সরকার জানাচ্ছেন, কৃষের সঙ্গে খেলতে পারা গর্বের। এত বড় শারীরিক সীমাবদ্ধতাকে তুচ্ছ করে ও যেভাবে আমাদের সঙ্গে লড়াই করে, তা সত্যিই অনুপ্রেরণার। ওকে দেখে বালুরঘাটের অনেক খেলোয়াড়ই নতুন করে উৎসাহ পাচ্ছে, খেলায় আরও মনোযোগী হচ্ছে।বালুরঘাটের কোর্টে সেই দিন শুধু একটি টুর্নামেন্টই নয়, দৃঢ় মনোবলের এক জীবন্ত উদাহরণ দেখল উত্তরবঙ্গ। কৃষ দে প্রমাণ করলেন, সীমাবদ্ধতা শরীরে থাকতে পারে, কিন্তু ইচ্ছাশক্তিকে আটকে রাখতে পারে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *