নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অমৃত খণ্ড গ্রাম পঞ্চায়েতের খানপুর মোড় থেকে খানপুর গ্রাম পর্যন্ত প্রায় দেড় থেকে দুই কিলোমিটার দীর্ঘ রাস্তাটি দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। বর্ষাকালে কাদা আর জলজট, আর শুষ্ক মৌসুমে ধুলোবালিতে কার্যত অচল হয়ে পড়ত গ্রামের একমাত্র এই যোগাযোগ পথ। স্কুল পড়ুয়া থেকে শুরু করে কৃষক, অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া—সব ক্ষেত্রেই সমস্যায় পড়তে হতো গ্রামবাসীদের।
এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবিতে সরব ছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে সেই দাবির বাস্তবায়ন হলো। বালুরঘাট পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের এসআরডিএ দপ্তরের সহযোগিতায় এই রাস্তাটি সংস্কারের কাজ শুরু হয়েছে। বুধবার কাজের সূচনায় উপস্থিত ছিলেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার, জেলা পরিষদের সদস্য অশোক কৃষ্ণ কুজুর এবং অমৃত খণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবদূত বর্মন।
উদ্বোধনী অনুষ্ঠানে সমিতির সভাপতি অরূপ সরকার বলেন, “পঞ্চায়েত নির্বাচনের সময় প্রচারে এসে এখানকার মানুষ স্পষ্ট করে জানিয়েছিলেন, তাঁদের একটাই দাবি—এই রাস্তাটি ঠিক করে দেওয়া হোক। দীর্ঘদিন ধরে গ্রামের একমাত্র রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে ছিল। আজ পশ্চিমবঙ্গ সরকারের এসআরডিএ দপ্তরের সহযোগিতায় প্রায় দেড় কিলোমিটার রাস্তার সংস্কার কাজ শুরু করতে পেরে আমরা সত্যিই খুশি।”
প্রায় এক কোটি টাকা ব্যয়ে এই রাস্তা সংস্কার হলে খানপুর ও সংলগ্ন এলাকার মানুষের যাতায়াত অনেকটাই সহজ হবে বলে আশাবাদী প্রশাসন। এলাকাবাসীর মধ্যেও খুশির হাওয়া। দীর্ঘ প্রতীক্ষার পর উন্নয়নের ছোঁয়া পেয়ে নতুন করে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন খানপুর গ্রামের মানুষ