নিজস্ব সংবাদদাতা,কুমারগঞ্জ :কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে ইডি হানাকে অন্যায় ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ তুলে বৃহস্পতিবার বিকেলে কুমারগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।এদিন মিছিলটি কুমারগঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেস পার্টি অফিস থেকে শুরু হয়ে কুমারগঞ্জ ব্রিজ অতিক্রম করে বিডিও অফিসের সামনে দিয়ে ঘুরে আবার পার্টি অফিসে এসে শেষ হয়। মিছিলে অংশ নেন দলের নেতা-কর্মী ও সমর্থকেরা।প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন কুমারগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি গণেশ দাস, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন মিয়া, সমিতির সভাপতি উমা রায় সহ দলের অন্যান্য জেলা ও ব্লক নেতৃত্ব।প্রতিবাদ মঞ্চ থেকে জেলা ও ব্লক নেতৃত্বরা কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে হয়রানির অভিযোগ তোলেন। তাঁদের বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্যেই বিরোধী দলকে চাপে রাখার চেষ্টা করা হচ্ছে। এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে আগামী দিনেও আন্দোলন চলবে বলে জানানো হয়।