নতুন বছরের প্রথম দিনে ‘ঘরে ঘরে তৃণমূল’— ক্যালেন্ডার ও শুভেচ্ছায় মানুষের পাশে কাউন্সিলর প্রদীপ্তা

নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট :তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বলেন— রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, রাজনীতি মানে মানুষের পাশে থাকা। দলনেত্রীর সেই বার্তাকেই শিরোধার্য করে বছরের প্রথম দিনেই একেবারে অন্য রকম ছবি ধরা পড়ল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরে। বৃহস্পতিবার বিকেলে বালুরঘাট পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডে দেখা গেল ‘ঘরে ঘরে তৃণমূল’-এর মানবিক উদ্যোগ।নতুন বছরের সূচনালগ্নে ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী নিজেই নেমে পড়লেন রাস্তায়।

সঙ্গে ছিলেন দলের কর্মী-সমর্থকেরা। একে একে ওয়ার্ডের প্রতিটি বাড়িতে পৌঁছে গিয়ে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করলেন তিনি। শুধু শুভেচ্ছা জানানোতেই সীমাবদ্ধ থাকেননি কাউন্সিলর। প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় একটি করে ক্যালেন্ডার।এই ক্যালেন্ডার কিন্তু শুধুই তারিখ জানার জন্য নয়। জানা গিয়েছে, ক্যালেন্ডারের পাতায় পাতায় লেখা রয়েছে ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফোন নম্বর— যেখানে যোগাযোগ করলেই পাওয়া যাবে প্রয়োজনীয় সহায়তা। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হোক বা পৌর পরিষেবার কোনও জটিলতা— সব কিছুর জন্যই যেন হাতের কাছেই থাকে সাহায্যের ঠিকানা, সেই ভাবনাতেই এই উদ্যোগ।শুধু ক্যালেন্ডার নয়, নতুন বছরের আনন্দ ভাগ করে নিতে ছোট্ট উপহারও তুলে দেন কাউন্সিলর। কোথাও চকলেট, কোথাও কেক— হাসিমুখে তা গ্রহণ করেন ওয়ার্ডবাসীরা।

অনেকেই বলছেন, জনপ্রতিনিধিকে এ ভাবে সরাসরি দরজায় পেয়ে তাঁরা আপ্লুত।এই প্রসঙ্গে কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী বলেন, “আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় সব সময়ই মানুষকে সঙ্গে নিয়ে চলার কথা বলেন। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এবং বছরের প্রথম দিনে আমি আমার ওয়ার্ডের প্রতিটি বাড়িতে গিয়ে সেই বার্তাই পৌঁছে দিতে চেয়েছি। মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছি, সামান্য একটি উপহার দিয়েছি।”ওয়ার্ডবাসীদের একাংশের কথায়, “ভোটের সময় নয়, বছরের প্রথম দিনেই কাউন্সিলর আমাদের বাড়িতে এসে খোঁজ নিলেন— এটা সত্যিই ভাল লাগার মতো।” কারও মতে, “ক্যালেন্ডারে দরকারি নম্বর থাকায় সমস্যার সময়ে আর দৌড়ঝাঁপ করতে হবে না।”নতুন বছরের প্রথম দিনেই এই মানবিক উদ্যোগে খুশি সাধারণ মানুষ। রাজনীতির ব্যস্ততার মাঝেও মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ— বালুরঘাটের ২২ নম্বর ওয়ার্ডে যেন সেই ছবিই তুলে ধরল তৃণমূল কংগ্রেসের এই নতুন বছরের শুভ সূচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *