দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা তথা অবিভক্ত পশ্চিম দিনাজপুর ক্রীড়া সংস্থার ৭৫ বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেই কর্মসূচির রূপরেখা তুলে ধরতে রবিবার দুপুরে বালুরঘাটে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন সংস্থার আধিকারিকরা।সংস্থার পক্ষ থেকে জানানো হয়, দেশভাগের পর অবিভক্ত দিনাজপুর ভাগ হয়ে ভারতের অংশে পশ্চিম দিনাজপুর জেলা গঠিত হয়। সেই সময় থেকেই যাত্রা শুরু ক্রীড়া সংস্থার। দীর্ঘ এই পথচলার পর এবার ৭৫ বছরে পদার্পণ করতে চলেছে সংস্থা। এই উপলক্ষে সারা বছর ধরে নানা ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি বিপ্লব দেব, সহ-সভাপতি তথা উৎসব কমিটির কনভেনার বিদ্যুৎ রায়, ইন্দ্রজিৎ ভৌমিক এবং সংস্থার সম্পাদক সুজয় ঘোষ সহ অন্যান্য কর্মকর্তারা।সংস্থার সম্পাদক সুজয় ঘোষ জানান, আগামী ১২ জানুয়ারি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানের সূচনা হবে। ওইদিন উপস্থিত থাকবেন প্রখ্যাত ভারতীয় ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। সন্ধ্যায় সিনিয়র ডিস্ট্রিক্ট ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে শুরু হবে ক্রীড়া প্রতিযোগিতা। পাশাপাশি ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হবে।তিনি আরও জানান, ভবিষ্যতে রঞ্জি ট্রফি বা কোচবিহার ট্রফির মতো বড় মাপের ম্যাচ জেলার স্টেডিয়ামে আয়োজন করার লক্ষ্য নিয়েই এগোচ্ছে ক্রীড়া সংস্থা।