নিজস্ব সংবাদদাতা,বালুরঘাট: অবিভক্ত পশ্চিম দিনাজপুর ক্রীড়া সংস্থার ৭৫ বছর পদার্পণ উপলক্ষে সোমবার সকালে বর্ণাঢ্য র্যালির আয়োজন করল দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা। ক্রীড়া ঐতিহ্যের এই দীর্ঘ পথচলাকে স্মরণ করতেই এদিন রাস্তায় নামে জেলার ক্রীড়াপ্রেমীরা। বালুরঘাট হাই স্কুল মাঠ থেকে শুরু হওয়া র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। র্যালিতে জেলার বিভিন্ন ক্রীড়া সংস্থা, খেলোয়াড়, প্রশিক্ষক ও ক্রীড়ানুরাগীরা অংশ নেন।দেশভাগের পর দিনাজপুর জেলার যে অংশ ভারতের সঙ্গে যুক্ত ছিল, তার নাম ছিল পশ্চিম দিনাজপুর। পরে এই জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিভক্ত হলেও, তার আগের দীর্ঘ সময় জুড়ে অবিভক্ত জেলা স্তরে ক্রীড়া সংগঠনের দায়িত্ব পালন করেছে এই সংস্থা। সেই ঐতিহ্য ও অবদানের স্মৃতিকে সামনে রেখেই ৭৫ বছর পূর্তি বর্ষ পালনের সূচনা হলো এই র্যালির মাধ্যমে।উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, বছরভর নানা ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ উদযাপন করা হবে। সংস্থার সম্পাদক সুজয় ঘোষ আগেই জানিয়েছিলেন, পূর্তি উৎসবে উপস্থিত থাকবেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। পাশাপাশি সিএবি আয়োজিত ডিস্ট্রিক্ট সিনিয়র ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হবে বালুরঘাটে, যা ক্রীড়াপ্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করেছে।