নিজস্ব সংবাদদাতা, ১২ মার্চ, বালুরঘাট :দক্ষিণ দিনাজপুর জেলায় রাজ্য সরকারের উদ্যোগে চালু হওয়া রাজবংশী ভাষার স্কুলগুলিকে ঘিরে ফের অসন্তোষের সুর শোনা গেল। শিক্ষক নিয়োগ ও দীর্ঘদিন ধরে বেতন বন্ধ থাকার অভিযোগ তুলে বৃহস্পতিবার দুপুরে বালুরঘাটে জেলাশাসকের দফতরের সামনে শান্তিপূর্ণ অবস্থান-বিক্ষোভে সামিল হলেন GCPA-র সমর্থকেরা। সংগঠনের অভিযোগ, জেলায় মোট ১৬টি রাজবংশী ভাষার স্কুল চালু হলেও তার মধ্যে এখনও চারটিতে কোনও শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হয়নি। বাকি ১২টি স্কুলে প্রায় ৪৩ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত থাকলেও গত পাঁচ মাস ধরে তাঁদের বেতন বন্ধ রয়েছে।

এর জেরে চরম আর্থিক সমস্যায় পড়েছেন সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকারা। দ্রুত বেতন চালু করা এবং শূন্যপদে শিক্ষক নিয়োগের দাবিতেই এদিনের এই কর্মসূচি বলে জানিয়েছে সংগঠন।GCPA-র জেলা সম্পাদক বিশ্বজিৎ বর্মন জানান, দক্ষিণ দিনাজপুর জেলায় রাজবংশী ভাষার শিক্ষার প্রসারের উদ্দেশ্যে ১৬টি স্কুল চালু করা হলেও বাস্তবে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাঁর কথায়, “চারটি স্কুলে এখনও কোনও শিক্ষক নিয়োগ হয়নি। আবার যে ১২টি স্কুলে শিক্ষক-শিক্ষিকা কাজ করছেন, তাঁরাও টানা পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না। তাই বাধ্য হয়েই আমাদের আন্দোলনে নামতে হয়েছে।”তিনি আরও বলেন, এই সমস্যার সমাধানের দাবিতে এর আগেও একাধিকবার আন্দোলনে নামতে হয়েছে সংগঠনকে। ২০২৪ সালে প্রায় দশ মাস বেতন বকেয়া থাকায় অবস্থান-বিক্ষোভ করতে হয়েছিল। ২০২৫ সালেও শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলন করা হয়। প্রশাসনের তরফে আশ্বাস মিললেও এখনও পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ সংগঠনের।এদিনের অবস্থান-বিক্ষোভ ঘিরে জেলাশাসকের দফতর চত্বরে কিছু সময়ের জন্য উত্তেজনার পরিবেশ তৈরি হলেও কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। আন্দোলনকারীরা দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন।