২৬-এর লক্ষ্য সামনে রেখে বালুরঘাটে সংগঠন জোরদার, পৌর কর্মচারীদের সঙ্গে বৈঠকে অর্পিতা ঘোষ।

নিজস্ব সংবাদদাতা, ১৭ ফেব্রুয়ারি, বালুরঘাট :- ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বালুরঘাটে সংগঠন শক্তি বাড়াতে তৎপর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সেই লক্ষ্যেই মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের নাট্যতীর্থ মন্মথ মঞ্চে বালুরঘাট পৌরসভার কর্মচারীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা, ভাইস চেয়ারম্যান মুনমুন কর, কাউন্সিলর মহেশ পারখ, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক অমরনাথ ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব। এদিন প্রায় পাঁচ শতাধিক পৌর কর্মচারী বৈঠকে অংশ নেন।সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্পিতা ঘোষ জানান, “আজ বালুরঘাট পৌরসভার কর্মচারী ইউনিয়নের একটি বৈঠক ছিল, যেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখেই আমরা প্রাথমিক কর্মসূচি শুরু করেছি। চেয়ারম্যান ও অন্যান্য কাউন্সিলররা উপস্থিত ছিলেন। আমরা মুখোমুখি আলোচনা করেছি এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর উন্নয়নের বার্তা সকলের কাছে পৌঁছে দিয়েছি।”রাজনৈতিক মহলের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই সংগঠনকে আরও সক্রিয় ও মজবুত করার কৌশল নিচ্ছে শাসকদল। পৌর স্তর থেকে কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও বার্তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ সেই বৃহত্তর পরিকল্পনারই অংশ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *