১১ নম্বর ওয়ার্ডে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এ রাস্তা–ড্রেন সংস্কারে সূচনা

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট
সরকারি দফতরের টেবিল ঘুরে নয়, এলাকার মানুষের মতামত মেনে উন্নয়নের রূপরেখা— মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি কার্যকর হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন মহল্লায় এমন ছবি নতুন নয়। ঠিক তেমনই বালুরঘাট শহরের ১১ নম্বর ওয়ার্ডের এ কে গোপালন কলোনির ২৫ নম্বর পার্টেও এলাকার মানুষের পরামর্শেই চিহ্নিত হয়েছিল স্থানীয় সমস্যার তালিকা। সেই তালিকায় সবচেয়ে জরুরি হিসেবে উঠে আসে রাস্তার দুরবস্থা এবং নিকাশি ব্যবস্থার উন্নয়ন।শুক্রবার ওই দুই কাজেরই আনুষ্ঠানিক সূচনা করলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌরসভার এমসিআইসি বিপুল কান্তি ঘোষ। একে গোপালন কলোনির অমল সরকারের বাড়ি থেকে যুব বালক সংঘ পর্যন্ত প্রায় ১০০ মিটার রাস্তা পেভার ব্লক দিয়ে পুনর্নির্মাণ করা হবে। পাশাপাশি সংস্কার হবে নিকাশি ব্যবস্থাও। কাজটির জন্য ব্যয় ধরা হয়েছে মোট ৪ লাখ ৮৯ হাজার টাকার বেশি। অবশিষ্ট টাকায় ওই ওয়ার্ডের আর একটি রাস্তাও নবীকরণ করা হবে বলে জানান চেয়ারম্যান।উদ্বোধনী অনুষ্ঠানে অশোকবাবু বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক চিন্তা থেকেই ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের প্রতিটি বুথে-বুথে, পাড়া-পাড়ায় আলোচনার মাধ্যমে এলাকার উন্নয়ন নিজেরাই ঠিক করছেন বাসিন্দারা। আমরা শুধু সেই সিদ্ধান্ত বাস্তবায়িত করছি।”কাউন্সিলর বিপুল কান্তি ঘোষ বলেন, “এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবি ছিল রাস্তাটি সারাই করা। তাদের পরামর্শেই এই কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। কাজ শুরু হওয়ায় মানুষ অত্যন্ত খুশি। মুখ্যমন্ত্রী ও পৌরসভার প্রতি তারা আন্তরিকভাবে কৃতজ্ঞ।”অনুষ্ঠানে এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাঁদের দাবি, বহু বছর পর তাঁদের এলাকার সমস্যার সমাধান হাতের নাগালে আসছে। মুখ্যমন্ত্রী প্রতিটি বুথের উন্নয়নে ১০ লক্ষ টাকা বরাদ্দ করায় স্থানীয় স্তরের এই পরিকাঠামো উন্নয়নের কাজ আরও ত্বরান্বিত হয়েছে বলেই মনে করছেন ওয়ার্ডের বাসিন্দারা।স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণ আর সরকারি উদ্যোগ— দুই মিলেই ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্প বালুরঘাটে দ্রুত এগোচ্ছে, আর তারই নতুন দৃষ্টান্ত ১১ নম্বর ওয়ার্ডের এই রাস্তা ও ড্রেন সংস্কারের কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *