নিজস্ব সংবাদদাতা,২৩ ফেব্রুয়ারি,বালুরঘাট:-ব্যাট হাতে ক্যারিবিয়ান ঝড়, বল হাতে নিখুঁত আঘাত—সব মিলিয়ে একতরফা ম্যাচে বড় জয় তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ২৫৪ রানের পাহাড়প্রমাণ স্কোর গড়ার পর ১০৭ রানে হার মানল জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল।প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা জোরালো ছিল না। তবে ইনিংসের মাঝপথ থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেন শিমরন হেটমায়ার। মাত্র ৩৪ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংসে ৭টি চার ও ৭টি ছক্কা হাঁকিয়ে জিম্বাবুয়ের বোলিং আক্রমণকে ছিন্নভিন্ন করে দেন তিনি। তাঁকে দারুণ সঙ্গ দেন রভম্যান পাওয়েল (৫৯)। শেষদিকে শেরফেন রাদারফোর্ড-এর ঝোড়ো ৩১* এবং জেসন হোল্ডার-এর ঝটিকা ইনিংসে ২০ ওভারে ২৫৪/৬—টি-টোয়েন্টি মঞ্চে এক বিশাল সংগ্রহ গড়ে ফেলে ক্যারিবিয়ানরা। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় বড় জুটি গড়ে ওঠেনি। কিছুটা লড়াই করেন ব্র্যাড ইভান্স (৪৩) ও সিকান্দার রাজা (২৭), তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।বল হাতে দাপট দেখান গুডাকেশ মোটি। তাঁর ৪ ওভারে ২৮ রানে ৪ উইকেট ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। পাশাপাশি আকিল হোসেন নেন ৩ উইকেট। ফলে ১৭.৪ ওভারে ১৪৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।ব্যাটে-বলে পূর্ণ আধিপত্য দেখিয়ে ১০৭ রানের বিশাল জয়—সুপার এইটের মঞ্চে স্পষ্ট বার্তা দিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ। এখন সেমিফাইনালের লড়াইয়ে তাদের আত্মবিশ্বাস তুঙ্গে।