হাড্ডাহাড্ডি লড়াইয়ের ময়দানে ‘ফিরে পাওয়ার’ বার্তা, গঙ্গারামপুরে ভরসার মুখ গৌতম দাস

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর:ভোট যত এগোচ্ছে, ততই জমে উঠছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর (এসসি) বিধানসভা কেন্দ্রের লড়াই। সেই লড়াইয়ে আবারও চেনা মুখ, কিন্তু নতুন উদ্যমে ময়দানে নেমেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাস। এক সময়ের বিধায়ক, মাটির মানুষ হিসেবেই এলাকায় তাঁর পরিচিতি—এবার সেই অভিজ্ঞতাকেই হাতিয়ার করে ফের আসন দখলের লড়াইয়ে নেমেছে ঘাসফুল শিবির।রামপাড়া চাঁচরা গ্রামের বাসিন্দা ৫৩ বছরের গৌতমবাবু স্থানীয় রাজনীতিতে বহুদিনের পরিচিত নাম। গঙ্গারামপুর কলেজ থেকে স্নাতক পাশ করার পর থেকেই এলাকার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তুলেছেন তিনি। রাজনৈতিক মহলের মতে, তাঁর সহজ-সরল জীবনযাপন ও সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকার অভ্যাসই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।হিসেব বলছে, ২০২১ সালের নির্বাচনে মাত্র ৪,৫৯২ ভোটে হেরেছিলেন তিনি। সেই ফলাফলই এবার তৃণমূলের কাছে বড় প্রেরণা। দলীয় সূত্রে দাবি, গত কয়েক বছরে এলাকায় সংগঠন আরও শক্তিশালী হয়েছে, পাশাপাশি গৌতমবাবুর ব্যক্তিগত যোগাযোগও বেড়েছে বহু গুণ। ফলে এবার ঘুরে দাঁড়ানোর ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী শাসকদল।সম্পত্তির হিসেবেও একেবারে সাধারণ ঘরানার মানুষ হিসেবেই উঠে এসেছে তাঁর নাম। নগদ মাত্র ৪০ হাজার টাকা, ব্যাঙ্কে সীমিত সঞ্চয়, উত্তরাধিকার সূত্রে পাওয়া সামান্য কৃষিজমি—সব মিলিয়ে ‘মাটি ছোঁয়া’ প্রোফাইলই যেন আরও বেশি করে তাঁকে জনসংযোগের রাজনীতিতে এগিয়ে রাখছে। উল্লেখযোগ্যভাবে, তাঁর বিরুদ্ধে কোনও অপরাধমূলক মামলাও নেই।রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গঙ্গারামপুরে লড়াই মূলত তৃণমূল বনাম বিজেপির মধ্যেই সীমাবদ্ধ। যদিও গতবার বিজেপি এই আসন দখল করেছিল, তবে ব্যবধান কম হওয়ায় এবার ফলাফল নিয়ে অনিশ্চয়তা তুঙ্গে।ভোটের ময়দানে তাই এখন একটাই প্রশ্ন—অল্পের জন্য হাতছাড়া হওয়া আসন কি এবার পুনরুদ্ধার করতে পারবেন গৌতম দাস? উত্তর মিলবে ফলপ্রকাশের দিনেই। তবে আপাতত গঙ্গারামপুরে লড়াই যে জমে উঠেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *