স্বাধীনতার ৭৫ বছর পর গোকর্ণে পাকা রাস্তার আলো, পিএমজিএসওয়াই প্রকল্পে কাজ শুরু শীঘ্রই

নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট :
দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে পাকা রাস্তার স্বপ্নপূরণ হতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের প্রত্যন্ত গোকর্ণ গ্রামের বাসিন্দাদের। কালমাহাল মাদ্রাসা থেকে মহারাজবাদ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তা—যে রাস্তা স্বাধীনতার ৭৫ বছর পরেও পাকা হয়নি—এবার নতুন রূপ পেতে চলেছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় প্রায় ৬৪ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তা নির্মাণের ছাড়পত্র মিলেছে।এলাকাবাসীদের কাছে এই রাস্তা শুধুই যাতায়াতের পথ নয়, জীবন-জীবিকার গুরুত্বপূর্ণ ভরসা। কারণ এই একটি রাস্তার ওপর নির্ভর করে রয়েছে অন্তত তিন থেকে চারটি গ্রামের মানুষ। বর্ষায় কাদা, শীতকালে ধুলো—সারা বছরই দুর্ভোগ ছিল নিত্যসঙ্গী। বহুদিন ধরেই এলাকাবাসীর একটাই দাবি ছিল, এই রাস্তা পাকা করতে হবে।রাস্তার কাজ শুরুর আগে বৃহস্পতিবার এলাকা পরিদর্শনে যান দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ খগেশ্বর দেববর্মা। এলাকাবাসীদের সঙ্গে কথা বলে তিনি রাস্তার সম্ভাব্য কাজের দিকগুলি খতিয়ে দেখেন। এদিন তিনি জানান, ভোট প্রচারের সময় বারবার এই রাস্তার দাবি তাঁর কাছে তুলে ধরেছিলেন গ্রামবাসীরা। সেই দাবি গুরুত্ব দিয়েই বিভিন্ন স্তরে তদবির করা হয়েছে। তার ফলেই এবার কাজের অনুমোদন মিলেছে।খগেশ্বর দেববর্মা আরও জানান, খুব শীঘ্রই জেলার ভূমিপুত্র তথা মন্ত্রী বিপ্লব মিত্র এই রাস্তার কাজের আনুষ্ঠানিক সূচনা করবেন। ব্যক্তিগত ব্যস্ততার কারণে সামান্য সময়ের অপেক্ষা থাকলেও কাজ শুরু হতে আর বেশি দেরি নেই।দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে জেনে খুশির হাওয়া গোকর্ণ গ্রামে। পাকা রাস্তা মানেই এবার সহজ হবে যাতায়াত, মিলবে উন্নয়নের নতুন গতি—এমনই আশায় বুক বাঁধছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *