নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:
এ যেন ঠিক পর্দার গল্পের বাস্তব রূপ। হিন্দি ছবি স্বদেশ-এ শাহরুখ খান অভিনীত মোহন ভার্গব যেমন নিজের জন্মভূমিতে ফিরে এসেছিলেন কিছু করে দেওয়ার তাগিদে, তেমনই শিকড়ের টানেই বালুরঘাটে ফিরেছেন মুম্বাইয়ের ভীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণির ছাত্রী কাভিয়া মজুমদার। বাবা-মায়ের জন্মস্থানকে কিছু দেওয়ার অদম্য ইচ্ছাই তাঁকে টেনে এনেছে দক্ষিণ দিনাজপুরে।ওয়ার্ল্ড রোবটিক্স কম্পিটিশনে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে দেশের মুখ উজ্জ্বল করা দলের অন্যতম সদস্য কাভিয়া।
সেই সাফল্যের রেশ ধরেই ‘প্রজেক্ট জুল’ নামের এক অভিনব কর্মসূচির মাধ্যমে সে এখন বালুরঘাটের বিভিন্ন স্কুলে স্কুলে ঘুরে বেড়াচ্ছে। লক্ষ্য একটাই—ছোট বয়স থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে রোবটিক্স নিয়ে কৌতূহল ও আগ্রহ জাগিয়ে তোলা। ১৫ দিন ধরে বালুরঘাট শহর ও সংলগ্ন এলাকার একের পর এক স্কুলে এই কর্মসূচি চালানো হবে। ক্লাসরুমের পড়াশোনার বাইরেও কী ভাবে যন্ত্রপাতি তৈরি করা যায়, রোবটিক্সের প্রাথমিক ধারণা কী—সবই হাতে-কলমে শেখানো হচ্ছে। যাতে ছাত্রছাত্রীরা নিজেরাই নতুন কিছু বানানোর স্বপ্ন দেখতে পারে, সেই চেষ্টাই করছে কাভিয়া।

কাভিয়ার বাবা শুভ্রব্রত শুভম মজুমদার কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মরত। মা তানিয়া মজুমদার একসময় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন। মেয়ের ভবিষ্যৎ ও আগ্রহকে প্রাধান্য দিতেই তিনি কর্মজীবন ছেড়ে বর্তমানে গৃহবধূ। পরিবারের দাবি, মায়ের হাত ধরেই কাভিয়ার রোবটিক্স ও সফটওয়্যারের জগতে প্রবেশ।
এই উদ্যোগে কাভিয়ার সঙ্গে রয়েছে তার স্কুলের এক সিনিয়র। ইতিমধ্যেই কাশ্মীরে হাজারেরও বেশি ছাত্রছাত্রীকে ‘প্রজেক্ট জুল’-এর আওতায় আনা হয়েছে। বালুরঘাটে বাবা-মায়ের জন্মস্থানের পাঁচটি স্কুলের প্রায় পাঁচশোর বেশি ছাত্রছাত্রী এই কর্মসূচির সঙ্গে যুক্ত হয়েছে বলে জানা গিয়েছে।কাভিয়ার স্বপ্ন, একদিন বালুরঘাট থেকেও একদল ছাত্রছাত্রী রোবটিক্সের আন্তর্জাতিক মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করবে। সেই লক্ষ্যে প্রয়োজনীয় সব রকম সহযোগিতা সে করবে বলেও জানায়।এদিন বালুরঘাটে এক সাংবাদিক সম্মেলনে কাভিয়া বলে, “আমি বালুরঘাটে এসেছি আমার প্রজেক্ট জুলকে সকলের সঙ্গে পরিচয় করানোর জন্য। আমরা বিভিন্ন স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছি, রোবটিক্সের বেসিক শেখাচ্ছি, শোকেস বানানোর সুযোগ দিচ্ছি। ওদের মধ্যে রোবটিক্সের প্রতি আগ্রহ তৈরি করাই আমাদের আসল উদ্দেশ্য।”
শিকড়ে ফিরে এসে ভবিষ্যতের স্বপ্ন বুনছে এক কিশোরী—বালুরঘাটের আকাশে হয়তো সেই স্বপ্নই একদিন ডানায় ভর করে উড়ে যাবে।