নিজস্ব সংবাদদাতা,১ মার্চ, বালুরঘাট :- লক্ষ্য ১৯৬। সামনে আগ্রাসী ক্যারিবিয়ান বোলিং। চাপের সুপার এইট। কিন্তু বড় মঞ্চে বড় ইনিংস খেলেই উত্তর দিল ভারত। সঞ্জু স্যামসনের অপরাজিত ৯৭ রানের ঝড়ে ১৯.২ ওভারে পাঁচ উইকেট হাতে রেখেই ম্যাচ পকেটে পুরে নিল টিম ইন্ডিয়া।শুরুতে অবশ্য ম্যাচের রাশ ছিল ওয়েস্ট ইন্ডিজের হাতে। টসে জিতে ব্যাট করে ২০ ওভারে ১৯৫/৪ তোলে তারা। অধিনায়ক শাই হোপ ৩২ রান করলেও ইনিংসে গতি আনেন রস্টন চেজ (৪০) ও শিমরন হেটমায়ার (২৭)। শেষ পাঁচ ওভারে রভম্যান পাওয়েল (৩৪*) ও জেসন হোল্ডার (৩৭*) ঝোড়ো ব্যাটিংয়ে ভারতের সামনে বড় লক্ষ্য দাঁড় করান। বল হাতে ভারতের ভরসা ছিলেন জসপ্রীত বুমরাহ। তিনি নেন দুই উইকেট। একটি করে সাফল্য আসে হার্দিক পান্ডিয়া ও বরুণ চক্রবর্তীর ঝুলিতে। তবে শেষ দিকে ক্যারিবিয়ান ঝড় পুরোপুরি থামানো যায়নি। রান তাড়ায় শুরুটা স্বস্তিদায়ক ছিল না ভারতের। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। সেই মুহূর্তেই ক্রিজে দৃঢ়ভাবে দাঁড়ান সঞ্জু স্যামসন। একদিকে সময় নিয়ে ইনিংস গড়া, অন্যদিকে সুযোগ পেলেই বাউন্ডারির ঝলক—৫০ বলে ৯৭*, ১২টি চার ও ৪টি ছক্কা। তাঁর ব্যাটেই বদলে যায় ম্যাচের ছবি। অধিনায়ক সূর্যকুমার যাদব ১৮ রান করেন। তিলক বর্মা যোগ করেন গুরুত্বপূর্ণ ২৭। শেষদিকে শিবম দুবের ছোট কিন্তু কার্যকর ৮ রানেই জয়ের সিলমোহর পড়ে। সুপার এইটের এই জয় শুধু দুই পয়েন্টই এনে দিল না, বাড়িয়ে দিল আত্মবিশ্বাসও। সঞ্জুর ব্যাট যেন আরো একবার জানিয়ে দিল—চাপের রাতেও ভারত নির্ভীক। সেমিফাইনালের দৌড়ে এখন আরও দৃঢ় পা ফেলল সূর্যকুমারের দল।