সুপার এইটে ধাক্কা, প্রোটিয়াদের কাছে ৭৬ রানে হার। ভারতের ব্যাটিং ভরাডুবিতে থামল টানা জয়ের রথ, প্রশ্নের মুখে টিম ইন্ডিয়া।

নিজস্ব সংবাদদাতা, ২২ ফেব্রুয়ারি, বালুরঘাট:-গ্রুপ পর্বে অপরাজিত থাকার পর সুপার এইটেই প্রথম ধাক্কা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানের বড় ব্যবধানে হেরে টানা ১২ ম্যাচ জয়ের ধারা থামল ভারতের। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম-এ এই হার ভারতের ব্যাটিং শক্তি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।টসে জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্কর‍্যাম ভারতকে প্রথমে বল করতে পাঠান। শুরুতে ধাক্কা খেলেও পরে ম্যাচের রাশ নিজেদের হাতে নেয় প্রোটিয়ারা। ডেওয়াল্ড ব্রেভিস (৪৫) ও ডেভিড মিলার (৬৩)-এর ঝোড়ো জুটিতে ২০ ওভারে ১৮৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে একমাত্র উজ্জ্বল পারফরম্যান্স জশপ্রীত বুমরার। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যস্ত ভারত। নিয়মিত বিরতিতে উইকেট পড়ে। অধিনায়ক সূর্যকুমার যাদব বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। একমাত্র লড়াই করেন শিবম দুবে (৩৭ বলে ৪২)। কিন্তু শেষরক্ষা হয়নি। ১৮.৫ ওভারে ১১১ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস।দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ উইকেট নেন মার্কো জ্যানসেন, ৩টি উইকেট পান কেশব মহারাজ।সুপার এইটের শুরুতেই এমন বড় হার ভারতের জন্য স্পষ্ট সতর্কবার্তা। নকআউটের লড়াইয়ে ফিরতে হলে দ্রুত ভুল শুধরে ঘুরে দাঁড়ানোই এখন প্রধান চ্যালেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *