নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট: ক্রীড়া চর্চায় নতুন মাত্রা যোগ করল বালুরঘাট। সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে রবিবার থেকে শুরু হল দু’দিনব্যাপী সাংসদ ক্রীড়া প্রতিযোগিতা। ২২ ও ২৩ ডিসেম্বর বালুরঘাট টাউন ক্লাব ময়দানে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে বিজেপির প্রতিটি সাংসদ নিজ নিজ সংসদীয় এলাকায় সাংসদ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করছেন। সেই কর্মসূচিরই অংশ হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের তত্ত্বাবধানে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোক্তাদের দাবি, ক্রীড়ার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও সক্রিয় রাখাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
এবারের প্রতিযোগিতায় দাবা, ব্যাডমিন্টন, খো খো, ফুটবল ও যোগাসন—মোট পাঁচটি খেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। রবিবার অনুষ্ঠিত হচ্ছে খো খো, ব্যাডমিন্টন ও দাবা প্রতিযোগিতা। সোমবার ফুটবল ও যোগাসন প্রতিযোগিতার মাধ্যমে পর্দা নামবে এই ক্রীড়া উৎসবের।
সুকান্ত মজুমদার জানান, তাঁর লোকসভা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৬০০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। তরুণ প্রজন্মের পাশাপাশি বিভিন্ন বয়সের ক্রীড়াবিদদের অংশগ্রহণে বালুরঘাট টাউন ক্লাব ময়দানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, এই ধরনের উদ্যোগে জেলার ক্রীড়া প্রতিভারা নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ পাচ্ছেন।