সবুজ সাথীর চাকা ঘুরে স্বপ্নপূরণ, কিষাণমন্ডিতে ৭০০ পড়ুয়ার হাতে সাইকেল

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:প্রত্যন্ত গ্রামের আঁকাবাঁকা পথ পেরিয়ে পায়ে হেঁটে স্কুল যাওয়ার দিন কার্যত অতীত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘সবুজ সাথী’ আজ বহু পড়ুয়ার জীবনে বদলে দিয়েছে যাতায়াতের ছবি। বুধবার বালুরঘাট ব্লকের কিষাণমন্ডিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই প্রকল্পেরই বাস্তব রূপ দেখা গেল। জেলা প্রশাসনের উদ্যোগে শতাধিক নয়, প্রায় ৭০০ জন ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হল সবুজ সাথীর সাইকেল।দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা পড়ুয়াদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ছিল প্রাণবন্ত। জানা গেছে, মোট ৩২টি গ্রামাঞ্চলের স্কুল এবং পাঁচটি মিউনিসিপালিটি এলাকার স্কুলের নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীরা এদিন সাইকেল পেয়েছে। এক সময় যাদের স্কুল যেতে প্রতিদিন কয়েক কিলোমিটার পথ পায়ে হেঁটে পেরোতে হত, আজ তাদের মুখে ছিল স্বস্তির হাসি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বালা সুব্রামানিয়ান টি। এছাড়াও ছিলেন বালুরঘাট ব্লকের বিডিও সোহম চৌধুরী, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার-সহ প্রশাসনের আধিকারিকরা। জেলাশাসক নিজে পড়ুয়াদের হাতে সাইকেল তুলে দেন এবং দীর্ঘক্ষণ তাদের সঙ্গে কথা বলেন। পড়াশোনা চালিয়ে যাওয়া, নিয়মিত স্কুলে যাওয়া এবং ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখার কথাও শোনান তিনি।এদিন বিডিও সোহম চৌধুরী বলেন, “সবুজ সাথী শুধু একটি সাইকেল নয়, এটি পড়ুয়াদের শিক্ষার পথে এগিয়ে যাওয়ার সঙ্গী। আজ কিষাণমন্ডি থেকে প্রায় ৭০০ জন ছাত্রছাত্রীর মধ্যে সাইকেল বিতরণ করা হল। জেলাশাসক নিজে উপস্থিত থেকে পড়ুয়াদের উৎসাহিত করেছেন, এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি।”সবুজ সাথীর চাকা ঘুরে তাই শুধু রাস্তা নয়, ঘুরে যাচ্ছে বহু পড়ুয়ার ভবিষ্যৎও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *