শুটিং শেষে সমুদ্রে নেমে মর্মান্তিক মৃত্যু, প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা: বাংলা টেলিভিশন ও চলচ্চিত্র জগতে নেমে এল শোকের ছায়া। মাত্র ৪৩ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। শুটিং শেষে সমুদ্রে নামার পর ডুবে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।রবিবার ওডিশার তালসারিতে স্টার জলসার ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’-র শুটিংয়ে গিয়েছিলেন অভিনেতা। শুটিং মিটতেই সমুদ্রে নামেন তিনি। সেখানেই বিপত্তি। দীর্ঘক্ষণ দেখা না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়েন সহকর্মীরা। পরে টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ডুবে মৃত্যুর ইঙ্গিত মিলেছে, যদিও পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।ছোট পর্দায় ‘খেলা’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ রাহুলের। ‘তুমি আসবে বলে’, ‘দেশের মাটি’, ‘লালকুঠি’-র মতো ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের মনে জায়গা করে নেয়। বড় পর্দায় চিরদিনই তুমি যে আমার ছবিতে তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়, যেখানে তাঁর বিপরীতে ছিলেন প্রিয়াঙ্কা সরকার।অকালপ্রয়াণে স্তব্ধ টলিপাড়া। সহকর্মী থেকে অনুরাগী— সকলের স্মৃতিতে থেকে গেলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *