রামনবমীর মিছিলে তপনের বিধায়ক, পতিরামে উচ্ছ্বাস চোখে পড়ার মতো


নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট: রামনবমী উপলক্ষে শুক্রবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম এলাকায় ভক্তদের ঢল নামল মিছিলে। সেই মিছিলে অংশ নিলেন তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু। সঙ্গে ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী, মণ্ডল সভাপতি ছোটন চক্রবর্তী-সহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
এদিন পতিরাম রোলার মোড় থেকে মিছিলের সূচনা হয়। শঙ্খধ্বনি, পতাকা আর জয় শ্রীরাম ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। মিছিলটি পতিরামের বিভিন্ন পথ ঘুরে আবার রোলার মোড়েই এসে শেষ হয়। পথে পথে সাধারণ মানুষ হাত নেড়ে অভিবাদন জানান অংশগ্রহণকারীদের।
রামনবমীর এই শোভাযাত্রাকে ঘিরে এলাকায় ছিল উৎসবের আবহ। সকাল থেকেই ভক্তদের ভিড় বাড়তে থাকে। ছোট থেকে বড়—সব বয়সের মানুষের উপস্থিতি চোখে পড়ে। ধর্মীয় আবেগ আর রাজনৈতিক উপস্থিতির মিশেলে দিনটি হয়ে ওঠে উল্লেখযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *