মিস্টে ঢাকল দক্ষিণ দিনাজপুর, স্প্রে বন্ধের পরামর্শ চাষিদের—পরশু থেকে আবহাওয়ার উন্নতির ইঙ্গিত

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:শীতের কামড়ে কাঁপছে দক্ষিণ দিনাজপুর। গতকাল জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১১.৩ ডিগ্রিতে। আগামীকাল পর্যন্ত এই একই ধরনের আবহাওয়া বজায় থাকবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

এদিন সকাল থেকেই ঘন মিস্টে ঢেকে রয়েছে জেলার বিস্তীর্ণ এলাকা। আকাশে সূর্যের দেখা মেলেনি, দিনভর সেই পরিস্থিতিই থাকার সম্ভাবনা। এমন আবহাওয়ায় চাষিদের উদ্দেশে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। মিস্ট পড়ার কারণে এই সময় কোনও রকম কীটনাশক বা সার স্প্রে না করার পরামর্শ দেওয়া হয়েছে কৃষি দফতরের তরফে। কারণ, এই অবস্থায় স্প্রে করলে কার্যকারিতা কমে যায় এবং অযথা খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

আবহাওয়ার আর এক গুরুত্বপূর্ণ দিক হল পশ্চিমা বাতাসের সক্রিয়তা। বর্তমানে পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার বেগে হাওয়া বইছে। এর জেরেই ঠান্ডার প্রকোপ আরও বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।তবে স্বস্তির খবরও রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরশু দিন থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে। মিস্ট কাটতে শুরু করবে, তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। ততদিন পর্যন্ত সতর্ক থেকেই চাষবাসের কাজে এগোনোর পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *