মালঞ্চায় ওয়াটার এটিএমের শিলান্যাস, স্বস্তিতে দুই হাজার মানুষ

নিজস্ব সংবাদদাতা,বালুরঘাট : রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন—রাজ্যের প্রতিটি মানুষকে পরিচ্ছন্ন ও পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে হবে। সেই লক্ষ্যেই এবার বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মালঞ্চা এলাকায় তৈরি হচ্ছে আধুনিক ওয়াটার এটিএম। শনিবার এর শিলান্যাস করলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা ও বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপর্ণা বর্মনসহ অন্যান্য জনপ্রতিনিধিরা। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, পঞ্চদশ অর্থ কমিশনের ফান্ডে তৈরি হবে এই ওয়াটার এটিএম। খরচ ধরা হয়েছে ৫ লক্ষ ৪৩ হাজার ৯৫৩ টাকা। প্রকল্পটি চালু হলে মালঞ্চা ও আশপাশের প্রায় দু’হাজার মানুষ পরিশ্রুত পানীয় জল পাবেন। দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর দাবি ছিল জলশোধন ব্যবস্থার। অবশেষে সেই দাবি পূরণ হতে চলায় আনন্দ ছড়িয়েছে গ্রামে।

অরূপ সরকার বলেন, “মুখ্যমন্ত্রী চান রাজ্যের প্রতিটি প্রান্তের মানুষ পরিচ্ছন্ন পানীয় জল পান করুন। সেই ভাবনা বাস্তবায়িত করতেই মালঞ্চায় এই ওয়াটার এটিএম বসানো হচ্ছে। বিস্তীর্ণ এলাকার বহু মানুষ এর ফলে উপকৃত হবেন।”

এলাকার বাসিন্দাদের মতে, এতদিন পানীয় জলের সঙ্কটে সমস্যা বাড়ছিল। দূরদূরান্ত থেকে জল টেনে আনতে হত। প্রশাসনের এই উদ্যোগে তাদের দৈনন্দিন কষ্ট অনেকটাই কমবে বলে আশাবাদী সবাই।

মালঞ্চার মানুষ এখন তাকিয়ে—কবে দ্রুত কাজ শেষ হয়ে চালু হবে বহু প্রতীক্ষিত ওয়াটার এটিএম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *