নিজস্ব সংবাদদাতা, ১১ ফেব্রুয়ারি, বালুরঘাট :- সকালের আলো তখনও পুরোপুরি ছড়ায়নি। তার আগেই ফুলবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে হঠাৎই লেলিহান শিখা গ্রাস করল একের পর এক দোকান। বুধবার সকাল প্রায় ছ’টা নাগাদ গঙ্গারামপুর থানার অন্তর্গত ওই এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় অন্তত পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান। প্রথমে আগুন দেখা যায় অমিত মহন্তের মুদি দোকানে। স্থানীয়দের দাবি, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের চায়ের দোকান, হোটেল ও কসমেটিকের দোকানে। দাউ দাউ জ্বলতে থাকা আগুনে আতঙ্ক ছড়ায় গোটা বাজারে। বহু ব্যবসায়ী তড়িঘড়ি নিজেদের দোকান থেকে মালপত্র সরানোর চেষ্টা করেন। খবর পেয়ে গঙ্গারামপুর ও বুনিয়াদপুর থেকে দমকলের দুটি ইঞ্জিন এসে প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশও দ্রুত পৌঁছে যায় ঘটনাস্থলে।আগুনের উৎস এখনও অজানা। তবে ক্ষতির পরিমাণ বিপুল বলেই জানিয়েছেন ব্যবসায়ীরা। পঞ্চায়েত ও প্রশাসনের তরফে সহায়তার আশ্বাস মিলেছে।