ভোটার খসড়া তালিকা প্রকাশ ঘিরে সাংবাদিক সম্মেলন জেলাশাসকের, এসআইআর-এ দক্ষিণ দিনাজপুরে বাদ প্রায় ৮১ হাজার নাম

নিজস্ব সংবাদদাতা,বালুরঘাট :সারা রাজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষিণ দিনাজপুর জেলাতেও প্রকাশিত হল ভোটার খসড়া তালিকা। খসড়া তালিকা প্রকাশের পরই জেলা প্রশাসনের তরফে রাজনৈতিক দলগুলির সঙ্গে সমন্বয় বজায় রাখতে মঙ্গলবার একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা নির্বাচনী আধিকারিক তথা দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বালা সুব্রামানিয়ান টি। ভোটার তালিকার সংশোধন, সংযোজন ও এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়ার অগ্রগতি নিয়েই মূলত আলোচনা হয় বৈঠকে।সর্বদল বৈঠকের পর মঙ্গলবার বিকেলে বালুরঘাটের আত্রাই সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলনে খসড়া ভোটার তালিকা সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন জেলাশাসক। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা সর্বদলীয় বৈঠক করেছি। সেখানে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের এসআইআর পরবর্তী ভোটার খসড়া তালিকা সম্পর্কে অবগত করা হয়েছে।” তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলিকে ডিজিটাল ভোটার তালিকার পাশাপাশি মুদ্রিত ভোটার তালিকাও প্রদান করা হয়েছে, যাতে যাচাইয়ের ক্ষেত্রে কোনও অসুবিধা না হয়।সাংবাদিক সম্মেলনে জেলাশাসক জানান, এসআইআর প্রক্রিয়ার ফলে দক্ষিণ দিনাজপুর জেলায় মোট ৮০ হাজার ৯৮৮ জন ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। এই বাদ পড়া নামগুলির মধ্যে রয়েছেন মৃত ভোটার, বাড়ি বাড়ি সমীক্ষার সময় যাদের খুঁজে পাওয়া যায়নি, কিংবা যেসব ভোটারের নাম একাধিক জায়গায় নথিভুক্ত ছিল। প্রশাসনিক হিসেব অনুযায়ী, মৃত ভোটারের সংখ্যা ৪৩ হাজার ৫৫৮ জন, যা মোট ভোটারের ৩.২৬ শতাংশ। অন্যদিকে স্থানান্তর, অনুপস্থিতি বা অন্যান্য কারণে ৩৬ হাজার ৩০৩ জন ভোটারের নাম বাদ পড়েছে, যা শতাংশের হিসেবে ২.৭২।জেলাশাসক আরও জানান, এসআইআর শুরু হওয়ার আগে দক্ষিণ দিনাজপুর জেলায় মোট ভোটারের সংখ্যা ছিল ১৩ লক্ষ ৩১ হাজার ৫৪৮। এর মধ্যে ৯৩.৯২ শতাংশ ভোটারের এসআইআর ফর্ম নির্বাচন কমিশনের কাছে জমা পড়েছে। বর্তমানে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় জেলার মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লক্ষ ৫০ হাজার ৫৬৪।তবে কোনও যোগ্য ভোটারের নাম যদি ভুলবশত খসড়া তালিকা থেকে বাদ পড়ে থাকে, সেক্ষেত্রে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই বলেই আশ্বস্ত করেছেন জেলাশাসক। নির্দিষ্ট ফর্ম পূরণ করে পুনরায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত বা সংশোধনের জন্য আবেদন করা যাবে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এই সংশোধনের সুযোগ থাকবে। সমস্ত যাচাই ও সংশোধন প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর জেলার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *