নিজস্ব সংবাদদাতা,বালুরঘাট, ২৮ জানুয়ারি —— বেতন বৃদ্ধির দাবিতে টানা সাতদিন ধরে কাজ বন্ধ রেখে আন্দোলনে শামিল হয়েছেন বালুরঘাট এনবিএসটিসি ডিপোর ২৬ জন অস্থায়ী কর্মী। এর জেরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ওই ডিপোতে আংশিক অচলাবস্থা সৃষ্টি হয়েছে। নিউ হক এজেন্সির মাধ্যমে নিযুক্ত এই কর্মীরা দীর্ঘদিন ধরে অত্যন্ত কম বেতনে কাজ করতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন।বিক্ষোভকারীদের দাবি, বডি মেকানিক, ইলেকট্রিক মেকানিক, ওয়াশিং ও টায়ার মেকানিক মিলিয়ে তাঁদের মাসিক আয় মাত্র সাত থেকে দশ হাজার টাকার মধ্যে। বর্তমান বাজারদরে এই আয়ে সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে উঠেছে। গত তিন বছর ধরে একাধিকবার কর্তৃপক্ষের কাছে বেতন বৃদ্ধির আবেদন জানানো হলেও কোনও সুরাহা মেলেনি।আন্দোলনকারী অভিজিৎ ঘোষ জানান, বছরের পর বছর পরিশ্রম করেও ন্যূনতম জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। দ্রুত দাবি পূরণ না হলে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন কর্মীরা।