নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:রাজ্য নেতৃত্বের নির্দেশে দক্ষিণ দিনাজপুর জেলাতেও শুরু হল কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের ‘বুথ চলো’ কর্মসূচি। বৃহস্পতিবার বংশীহারী ব্লকের পতরা এলাকা থেকে এই কর্মসূচির সূচনা করেন জেলা কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহেনশা মোল্লা।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বংশীহারী ব্লক কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি এমদাদুল হক, বালুরঘাট ব্লক সভাপতি বিপ্লব দেবনাথ-সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব। কর্মসূচির অংশ হিসেবে নেতৃত্বরা বিভিন্ন কৃষকের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের সুবিধা-অসুবিধার কথা শোনেন। পাশাপাশি রাজ্য সরকার কৃষকদের জন্য যে সব প্রকল্প ও সুবিধা চালু করেছে, সে সম্পর্কেও তাঁদের অবগত করা হয়।

কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের বক্তব্য, আগামী দিনে দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি বুথেই এই ‘বুথ চলো’ কর্মসূচি ধারাবাহিকভাবে পালন করা হবে। তৃণমূলের এই উদ্যোগে তৃণমূল স্তরে কৃষকদের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ গড়ে উঠবে বলেই আশা সংগঠনের।