বিশেষ সংবাদদাতা, বুনিয়াদপুর:
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্যের কৃষক ও ক্ষেতমজুরদের জন্য চালু হওয়া একাধিক জনমুখী প্রকল্পকে আরও নিবিড়ভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তৎপর কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘বুথে চলো’ কর্মসূচি। এই কর্মসূচিকে সফল করতে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের বুনিয়াদপুর তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে বুধবার অনুষ্ঠিত হল এক প্রস্তুতি বৈঠক।শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকের উপস্থিতিতে এই বৈঠক কার্যত একটি সাংগঠনিক শক্তি প্রদর্শনের রূপ নেয়। বৈঠকে উপস্থিত ছিলেন কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের রাজ্য কনভেনার মানস দাস, দক্ষিণ দিনাজপুর জেলা কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি সাহেনশা মোল্লা, বংশীহারী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম মজুমদার সহ জেলা ও ব্লক স্তরের অন্যান্য নেতৃত্বরা।বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য কনভেনার মানস দাস স্পষ্ট করে জানান, “নেত্রী মমতা ব্যানার্জি ও নেতা অভিষেক ব্যানার্জির নির্দেশে এবং আমাদের নেতা পূর্ণেন্দু বসুর আদেশে আমরা আজ এখানে উপস্থিত হয়েছি। কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কৃষকবান্ধব উন্নয়ন কর্মসূচিগুলি মানুষের কাছে পৌঁছে দিতেই বুথে চলো কর্মসূচি পালন করা হচ্ছে।”
তিনি আরও বলেন, এই কর্মসূচির মূল উদ্দেশ্য শুধু প্রকল্পের প্রচার নয়। কর্মীদের বুথে বুথে গিয়ে কৃষক ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলতে হবে, তাঁদের সুবিধা-অসুবিধার কথা শুনতে হবে এবং সেই সমস্যাগুলি সমাধানের জন্য সংগঠনের মাধ্যমে উদ্যোগ নিতে হবে। মানুষের পাশে থেকে কাজ করাই কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের মূল লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।জেলা সভাপতি সাহেনশা মোল্লা জানান, দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি বুথে এই কর্মসূচি সফল করতে সংগঠনের কর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামবেন। ব্লক সভাপতি পার্থ প্রতিম মজুমদারও কর্মীদের উদ্দেশে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।সব মিলিয়ে বুনিয়াদপুরের এই প্রস্তুতি বৈঠক থেকে স্পষ্ট, আসন্ন রাজনৈতিক সমীকরণকে সামনে রেখে কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস কৃষকসংযোগ ও সাংগঠনিক বিস্তারে নতুন করে জোর দিতে চলেছে।