নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:১২ জানুয়ারি। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন ও জাতীয় যুব দিবস উপলক্ষে রবিবার বালুরঘাট শহরে বিশেষ কর্মসূচি পালন করল দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির ভারতীয় জনতা যুব মোর্চা। সকালে হিলি মোড়ে স্বামী বিবেকানন্দের মূর্তিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান করেন যুব মোর্চার নেতৃত্ব। এরপর যুব সমাজকে বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ করতে আয়োজন করা হয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতার।এই ম্যারাথন দৌড়ের শুভ সূচনা করেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার। উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চার সভাপতি শুভ চক্রবর্তী, বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিনয় কুমার বর্মন, নেতা অজয় সরকার সহ অন্যান্যরা। আয়োজকদের সূত্রে জানা যায়, প্রায় সাত কিলোমিটার দীর্ঘ এই দৌড়ে দেড়শোরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। হিলি মোড়ে স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে বালুরঘাট শহর পরিক্রমা করে সেখানেই এসে দৌড় শেষ হয়।অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকেই সংবর্ধনা দেওয়া হয়। যুব মোর্চার জেলা সভাপতি শুভ চক্রবর্তী বলেন, স্বামী বিবেকানন্দের আদর্শ ও ভাবনাকে যুবসমাজের মধ্যে ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।