বিধানসভা লক্ষ্যেই সংগঠনে রদবদল, দক্ষিণ দিনাজপুরে কিষান ক্ষেতমজুর তৃণমূলের বড়সড় বদল

নিজস্ব সংবাদদাতা,বালুরঘাট:পাখির চোখ বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যকে সামনে রেখেই সংগঠন ঢেলে সাজাতে বড়সড় রদবদলের পথে হাঁটল দক্ষিণ দিনাজপুর জেলা কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস। শুক্রবার দুপুরে বালুরঘাটে সাংবাদিক সম্মেলন করে এই সাংগঠনিক পরিবর্তনের কথা বিস্তারিতভাবে জানান জেলা সভাপতি শাহেনশা মোল্লা।এদিনের সাংবাদিক বৈঠকে শাহেনশা মোল্লার পাশাপাশি উপস্থিত ছিলেন বালুরঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বালুরঘাট পঞ্চায়েত সমিতির সদস্য মলয় মণ্ডল, বালুরঘাট ব্লক তৃণমূলের সহ-সভাপতি তথা জেলা পরিষদের সদস্য অশোক কৃষ্ণ কুজুর-সহ জেলা ও ব্লক স্তরের একাধিক নেতৃত্ব।

সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি জানান, গঙ্গারামপুর ব্লক, তপন ব্লক, হিলি ব্লক এবং তপন–গঙ্গারামপুর সাংগঠনিক ব্লকে সভাপতি স্তরে রদবদল আনা হয়েছে। যদিও বালুরঘাট ব্লকের দায়িত্বপ্রাপ্ত সভাপতি বিপ্লব দেবনাথ এবং বংশীহারী ব্লকের এমদাদুল হকের উপরই আস্থা রেখেছে জেলা নেতৃত্ব।এছাড়াও এদিন জেলা কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি পদে রজত দাসকে মনোনীত করা হয়। শাহেনশা মোল্লার হাত থেকেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। পাশাপাশি জেলা কমিটিতেও একাধিক নতুন মুখকে অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করেন জেলা সভাপতি।

সব মিলিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে আরও মজবুত করতেই এই রদবদল বলে মনে করছেন রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *