নিজস্ব সংবাদদাতা, ২৬ ফেব্রুয়ারি, বালুরঘাটঃবোমা আতঙ্ককে ঘিরে বৃহস্পতিবার সকালে চাঞ্চল্য ছড়াল বালুরঘাট শহরে। ই-মেলের মাধ্যমে সতর্কতামূলক বার্তা পৌঁছতেই খালি করে দেওয়া হয় Balurghat Head Post Office-এর ভবন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায়।ডাকঘর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর প্রায় বারোটা নাগাদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে একটি ই-মেল আসে। তাতে উল্লেখ করা হয়, যেসব ডাকঘরে পাসপোর্ট পরিষেবা চালু রয়েছে, সেগুলিকে লক্ষ্য করে হামলার আশঙ্কা রয়েছে। সতর্কতামূলক এই বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই নিরাপত্তার স্বার্থে প্রধান ডাকঘর খালি করে দেওয়া হয় এবং স্থানীয় থানায় খবর দেওয়া হয়।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গোটা ডাকঘর চত্বর ঘিরে ফেলে। শুরু হয় তল্লাশি ও স্যানিটাইজ করার কাজ। কোনও রকম ঝুঁকি না নিয়ে পুরো ভবনটি খতিয়ে দেখা হয় বলে পুলিশ সূত্রে খবর।এই প্রসঙ্গে ডাকঘরের পোস্টমাস্টার সুবল চন্দ্র বিশ্বাস জানান, বিষয়টি জানামাত্রই পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। পুলিশি তল্লাশি সম্পূর্ণ হয়ে নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই পরিষেবা পুনরায় চালু করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু মেলেনি, তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গোটা এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। ঘটনায় শহরবাসীর মধ্যে কিছুটা উৎকণ্ঠা তৈরি হলেও প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।