নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ১১ মার্চ :ভর সন্ধ্যায় হঠাৎই উত্তেজনার আঁচে ফেটে পড়ল বালুরঘাট বাসস্ট্যান্ড চত্বর। দুই যুবকের পুরনো বিবাদকে কেন্দ্র করে শুরু হওয়া তর্কাতর্কি মুহূর্তের মধ্যেই রূপ নেয় ধুন্ধুমার মারামারিতে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক বাসকর্মী। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সন্ধ্যার এই ঘটনায় বাসস্ট্যান্ড এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের নাম সুরজ খটিক। পেশায় তিনি বাসকর্মী। প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন সন্ধ্যায় বাসস্ট্যান্ড লাগোয়া একটি কাউন্টার থেকে বের হওয়ার সময় এক টোটোচালকের সঙ্গে তাঁর মুখোমুখি দেখা হয়। পুরনো বিবাদকে কেন্দ্র করে দু’জনের মধ্যে প্রথমে তর্কাতর্কি শুরু হয়। অল্প সময়ের মধ্যেই সেই বাকবিতণ্ডা রূপ নেয় মারামারিতে।ধস্তাধস্তির মাঝেই আচমকা পাকা রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান সুরজ। মুহূর্তের মধ্যেই তিনি রক্তাক্ত হয়ে পড়েন। ঘটনাস্থলে থাকা কয়েকজন বাসকর্মী ও স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যান।এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

পুলিশকে দেখে অভিযুক্ত যুবক পালানোর চেষ্টা করলেও কিছু দূর ধাওয়া করে তাকে পাকড়াও করা হয়। ঘটনায় বাসস্ট্যান্ড চত্বরে সাময়িক উত্তেজনা তৈরি হয় এবং ভিড় জমে যায়।স্থানীয় বাসিন্দা প্রীতম সিনহা ও গোপাল দেব জানান, ঠিক কী কারণে তাদের মধ্যে বিবাদ তা স্পষ্ট নয়। তবে আচমকা শুরু হওয়া মারামারিতেই গুরুতর জখম হন সুরজ।ঘটনার পর অভিযুক্ত যুবককে আটক করে তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।