নিজস্ব সংবাদদাতা,বালুরঘাট : পুরপিতা শূন্য বালুরঘাট পুরসভায় প্রশাসনিক অচলাবস্থার চরম মূল্য দিতে হচ্ছে সাফাইকর্মীদের। মকর সংক্রান্তির মতো উৎসবের দিনেও মাসিক বেতন না পেয়ে কাজ বন্ধ রেখে মঙ্গলবার পুরসভার সামনে বিক্ষোভে সামিল হলেন তাঁরা। শহর পরিষ্কার রাখার দায়িত্ব যাঁদের কাঁধে, তাঁদেরই আজ সংসার চালানো নিয়ে চরম অনিশ্চয়তা।বিক্ষোভকারীদের অভিযোগ, বালুরঘাট পুরসভায় প্রতি মাসেই মজুরি পেতে দেরি হয়। তবে সম্প্রতি পুরসভার চেয়ারম্যান পদত্যাগ করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। জানুয়ারি মাসের মাঝামাঝি পৌঁছে গেলেও এখনও বেতন হাতে পাননি সাফাইকর্মীরা। ফলে মকর সংক্রান্তির দিনে পিঠে-পুলির আনন্দ তো দূরের কথা, পরিবারের সদস্যদের দু’বেলা ভাত জোগাড় করাই কঠিন হয়ে দাঁড়িয়েছে।সাফাইকর্মীদের বক্তব্য, পুরসভায় প্রশাসনিক রদবদলের প্রভাব যেন সরাসরি এসে পড়ছে নীচুতলার কর্মীদের উপর। বেতন না মেলায় সংসারে অভাব অনটন চরমে উঠেছে। অনেকে ধার করে দিন কাটাচ্ছেন, কেউ আবার দোকানদারের কাছে বাকি রেখে সংসার চালাতে বাধ্য হচ্ছেন।বিক্ষোভকারীরা জানান, তাঁরা বালুরঘাটবাসীকে সমস্যায় ফেলতে চান না। কিন্তু দীর্ঘদিন ধরে এভাবে মজুরি নিয়ে টানাপড়েন চলতে থাকলে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। পুরসভায় দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের কাছে দ্রুত বেতন মেটানোর দাবিই তুলেছেন সাফাইকর্মীরা। প্রশাসনিক অচলাবস্থা কাটিয়ে কবে স্বাভাবিক ছন্দে ফিরবে বালুরঘাট পুরসভা, সেই দিকেই তাকিয়ে শহরবাসী।