বালুরঘাটে বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার বিপুল নিষিদ্ধ ব্যথার ট্যাবলেট, আটক মা–ছেলে

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:
বাংলাদেশে পাচারের আগেই বড়সড় সাফল্য পেল বালুরঘাট থানার পুলিশ। বুধবার গভীর রাতে বালুরঘাট স্টেট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার পিস নিষিদ্ধ ব্যথার ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওষুধের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় মা ও ছেলেকে আটক করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মাদক ও নিষিদ্ধ ওষুধ পাচার সংক্রান্ত ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, ধৃত মা ও ছেলের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার রবীন্দ্রভবন সংলগ্ন এলাকায়। তবে তারা দীর্ঘদিন ধরেই বালুরঘাট শহরের কবিতীর্থ ক্লাব সংলগ্ন একটি ভাড়াবাড়িতে বসবাস করছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, বালুরঘাট শহরকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে নিষিদ্ধ ব্যথার ওষুধ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের ছক কষেছিল একটি চক্র। ধৃতরা সেই চক্রের সঙ্গে কতটা যুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ।ঘটনার বিস্তারিত বিবরণে জানা গিয়েছে, বুধবার রাতে বালুরঘাট শহরের সুভাষকর্ণার এলাকায় একটি টোটোর গতিবিধি পুলিশের নজরে পড়ে। টোটোটির চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ পিছু নেয়। পরে টোটোটিকে ধাওয়া করে বালুরঘাট স্টেট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আটক করা হয়। টোটোতে থাকা মা ও ছেলেকে জিজ্ঞাসাবাদ করার সময় তাদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। এরপর তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করতেই বিপুল পরিমাণ নিষিদ্ধ ব্যথার ট্যাবলেট উদ্ধার হয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস-সহ বিশাল পুলিশ বাহিনী। উদ্ধার হওয়া ওষুধগুলি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, কোন রুট দিয়ে ও কীভাবে এই নিষিদ্ধ ওষুধ পাচার হচ্ছিল, তার সম্পূর্ণ নেটওয়ার্ক খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে ধৃতদের জেরা করা হচ্ছে।
এদিকে টোটো চালক রূপক মালাকার জানান, মা ও ছেলে তার টোটোতে কবিতীর্থ এলাকায় যাওয়ার কথা বলে উঠেছিলেন। তাদের সঙ্গে একটি ব্যাগ ছিল, তবে ব্যাগে কী রয়েছে সে সম্পর্কে তিনি কিছুই জানতেন না। পরে পুলিশ এসে টোটোটি আটক করে ব্যাগ তল্লাশি করলে ওই ওষুধগুলি উদ্ধার হয়।
বালুরঘাট শহরে প্রকাশ্যে এই ধরনের পাচারের চেষ্টা নিয়ে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, সীমান্তবর্তী জেলা হওয়ায় এই ধরনের অপরাধ রুখতে নজরদারি আরও বাড়ানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *