বালুরঘাটে পথের দিশা ফাউন্ডেশনের উদ্যোগে তিন দিনব্যাপী রক্তদান উৎসব।

নিজস্ব সংবাদদাতা বালুরঘাট, ১৯ ডিসেম্বর:
বাঙালির বারো মাসে তেরো পার্বণের কথাই বেশি প্রচলিত। তবে বালুরঘাটবাসীর কাছে যেন তা আরও এক ধাপ এগিয়ে—বারো মাসে চৌদ্দ পার্বণ। সেই চৌদ্দতম পার্বণ হিসেবেই ধরা যায় বালুরঘাট শহরের পৌরসভার পাশের মাঠে আয়োজিত রক্তদান উৎসবকে। বালুরঘাটের স্বেচ্ছাসেবী সংগঠন পথের দিশা ফাউন্ডেশন-এর উদ্যোগে শুক্রবার থেকে শুরু হয়েছে এই তিন দিনব্যাপী রক্তদান উৎসব। রক্তদানের পাশাপাশি এখানে আয়োজন করা হয়েছে রক্তদান বিষয়ক আলোচনা সভা ও সচেতনতা মূলক প্রদর্শনী। শুক্রবার দুপুরে অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিডিও সোহম চৌধুরী, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, পৌরসভার এমসিআইসি বিপুল কান্তি ঘোষ, কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯, ২০ ও ২১ ডিসেম্বর—এই তিন দিনে প্রায় ৩০০ জন রক্তদাতার রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পাশাপাশি রক্তদান নিয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য কর্মসূচিরও আয়োজন করা হয়েছে মানবিকতার এই উদ্যোগে উৎসাহের সঙ্গে অংশ নিচ্ছেন বালুরঘাটের সাধারণ মানুষ, যা সমাজে স্বেচ্ছাসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *