বার কাউন্সিল ভোটে প্রথম পছন্দের আবেদন, বালুরঘাট আদালতে প্রচারে বৈশনর চট্টোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা, ১৬ ফেব্রুয়ারি, বালুরঘাট:- আগামী ৯ ও ১০ মার্চ সারা রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে Bar Council of West Bengal-এর নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচার শুরু করেছেন প্রার্থীরা। তৃণমূল সমর্থিত ২৩ জন প্রার্থীর মধ্যে অন্যতম বৈশনর চট্টোপাধ্যায় মঙ্গলবার বালুরঘাট আদালতে এসে আইনজীবীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং প্রথম পছন্দের ভোটের আবেদন জানান। এদিন তাঁর সঙ্গে প্রচারে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী তথা বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ চাকি সহ জেলার একাধিক প্রবীণ আইনজীবী। আদালত চত্বরে ঘুরে ঘুরে প্রায় সমস্ত আইনজীবীর সঙ্গে দেখা করেন বৈশনরবাবু। প্রত্যেকের কাছেই তিনি অনুরোধ জানান, আসন্ন নির্বাচনে তাঁকে প্রথম পছন্দ হিসেবে ভোট দেওয়ার জন্য।জানা গেছে, বালুরঘাট জেলা আদালতে মোট ২৫৭ জন এবং গঙ্গারামপুর মহকুমা আদালতে ৩৫০ জন ভোটার এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। ফলে দুই আদালত মিলিয়ে ভোটের অঙ্ক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বৈশনর চট্টোপাধ্যায় বলেন, “আমি বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। বালুরঘাটে এসে আমাদের আইনজীবী বন্ধুদের কাছে প্রথম পছন্দের ভোট চেয়েছি। আগের বারও আমি জয়ী হয়েছিলাম। এবারও আশা রাখছি, বালুরঘাট কোর্টের আইনজীবীরা আমাকে সমর্থন করবেন।”তিনি আরও জানান, প্রচারে ভালো সাড়া মিলছে। যাঁদের সঙ্গে কথা হয়েছে, সকলেই ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন বলেও দাবি করেন তিনি।বার কাউন্সিল নির্বাচন ঘিরে এদিন বালুরঘাট আদালত চত্বরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। একই সঙ্গে রাজনৈতিক সমীকরণ ও পেশাগত সমর্থন নিয়ে শুরু হয়েছে জোর জল্পনাও। আগামী ৯ ও ১০ মার্চের ভোটে শেষ পর্যন্ত ফলাফল কোন দিকে যায়, সেদিকেই এখন নজর আইনজীবী মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *