বাইশ নম্বর ওয়ার্ডে জননেত্রীর জন্মদিনে সমাজসেবার বার্তা, আনন্দ বাগান পার্কে কেক কেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন

নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট :জননেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস ঘিরে উৎসবের আমেজে মেতে উঠল বালুরঘাট পৌরসভার অন্তর্গত বাইশ নম্বর ওয়ার্ড। পৌর প্রতিনিধি প্রদীপ্তা চক্রবর্তীর উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে আনন্দ বাগান পার্কে অনুষ্ঠিত হল জন্মদিন পালন অনুষ্ঠান। ওয়ার্ডবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর প্রতিকৃতির সামনে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।শুধু আনুষ্ঠানিকতা নয়, সমাজসেবার বার্তাকেই এদিন মূল উপজীব্য করে তোলা হয়। জন্মদিন উপলক্ষে ওয়ার্ডের দুঃস্থ ও প্রান্তিক মানুষদের মধ্যে কম্বল ও বস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি শিশুদের জন্য কেক, কমলা ও লজেন্সও বিতরণ করা হয়। গোটা অনুষ্ঠানে ছিল উৎসবের আবহ, মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় শোনা যায় শুভেচ্ছার বার্তা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরা, কর্মী-সমর্থকরা এবং বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা। মুখ্যমন্ত্রীর ছবি সামনে রেখে দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে আনন্দ বাগান পার্ক চত্বর।এই প্রসঙ্গে পৌর প্রতিনিধি প্রদীপ্তা চক্রবর্তী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস আমাদের সকলের জন্য অত্যন্ত গর্বের দিন। তিনি বাংলার মানুষের জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর দেখানো পথেই আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করছি।”এদিনের অনুষ্ঠানে ওয়ার্ডবাসীদের মধ্যে ছিল চোখে পড়ার মতো উৎসাহ ও উদ্দীপনা। অনেকেই বলেন, মুখ্যমন্ত্রীর জন্মদিন মানেই মানুষের পাশে দাঁড়ানোর দিন। সেই ভাবনাকেই সামনে রেখে বাইশ নম্বর ওয়ার্ডে পালিত হল মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস। সমাজসেবা ও উৎসবের মেলবন্ধনে এই অনুষ্ঠান যেন আরও একবার স্মরণ করিয়ে দিল—রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের পাশে থাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *