নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিম দা’ বলে সম্বোধনের অভিযোগে ফের বিজেপির বিরুদ্ধে তোপ দাগল তৃণমূল। বৃহস্পতিবার সকালে বালুরঘাটের চকভৃগু এলাকায় তপন বিধানসভার ওয়ার রুমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে ‘আদ্যোপান্ত বাঙালি-বিরোধী দল’ আখ্যা দিলেন বালুরঘাট ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মলয় মণ্ডল।১০০ দিনের কাজসহ একাধিক উন্নয়ন প্রকল্পের টাকা আটকে রেখে কেন্দ্র যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করছে বলে অভিযোগ তুললেন তিনি। মলয়বাবুর কথায়, “বাঙালিকে হাতে না মেরে ভাতে মারার চেষ্টা করছে কেন্দ্র। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই আর্থিকভাবে পশ্চিমবঙ্গকে পিছিয়ে দেওয়া হচ্ছে।”এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বঙ্কিমচন্দ্রকে অসম্মান করার অভিযোগও আনলেন তিনি। সংসদে প্রধানমন্ত্রী ‘বঙ্কিম দা’, ‘বঙ্কিম বাবু’ বলায় ক্ষোভ উগরে দিয়ে মলয়ের মন্তব্য, “যাঁর ‘বন্দেমাতরম’ স্বর স্বাধীনতা আন্দোলনকে তীব্রতা দিয়েছিল, তাঁকে এভাবে সম্বোধন অপমান ছাড়া কিছুই নয়।”
প্রধানমন্ত্রীর পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও এক হাত নিলেন তৃণমূল নেতা। তাঁর বক্তব্য, “শুভেন্দুবাবু প্রধানমন্ত্রীকে অনুকরণ করেই বলছেন বঙ্কিমচন্দ্রকে দাদা বললে ক্ষতি কী! আমরা কি বল্লভভাই প্যাটেলকে ‘প্যাটেলদা’ বলি? মহারাষ্ট্রে গিয়ে কেউ শিবাজীকে ‘শিবাজীদা’ বলে?” তিনি আরও দাবি করেন, স্বাধীনতা সংগ্রামীদের প্রতি এমন সম্বোধন বাংলার সংস্কৃতির পরিপন্থী।তৃণমূল নেতার অভিযোগ, বঙ্কিমচন্দ্র কেবল বাংলার নয়, গোটা দেশের গর্ব। “বাংলার মহীয়সী ব্যক্তিত্বদের যারা সম্মান দিতে পারে না, তারা বাংলাকেও ভালবাসে না, ভারতকেও না,” বলেন তিনি।বিজেপি ও শুভেন্দু অধিকারীর মন্তব্যের তীব্র নিন্দা করে তাঁর সংযোজন, “এই মানসিকতা নিয়ে বাংলার উন্নতি সম্ভব নয়।”