নিজস্ব সংবাদদাতা, ৮ ফেব্রুয়ারি, বালুরঘাট :-তপশিলি উপজাতিভুক্ত বেদিয়া সম্প্রদায়ের ফার্স্ট জেনারেশন এসটি সার্টিফিকেটের দাবিতে রবিবার ভেদিয়া সামাজিক সমিতির উদ্যোগে একটি জেলা সম্মেলন অনুষ্ঠিত হল। দক্ষিণ দিনাজপুর জেলার গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের করিম গুটিনে আয়োজিত এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক বেদিয়া সমাজের মানুষ অংশগ্রহণ করেন।সম্মেলনে উপস্থিত ছিলেন আদিবাসী বিকাশ পরিষদের জেলা সাধারণ সম্পাদক অশোক কৃষ্ণ কুজুর সহ সংগঠনের অন্যান্য জেলা নেতৃত্ব। সভায় আলোচনায় উঠে আসে, তপশিলি উপজাতিভুক্ত হওয়া সত্ত্বেও জেলার বহু বেদিয়া পরিবার আজও এসটি সার্টিফিকেট থেকে বঞ্চিত রয়েছেন, যার ফলে তাঁরা শিক্ষা, চাকরি ও বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকে পিছিয়ে পড়ছেন।এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে জেলা জুড়ে একটি সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। সেই সমীক্ষার প্রস্তুতি, রূপরেখা এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়েই মূলত এদিনের সম্মেলনে বিস্তারিত আলোচনা করা হয়।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমীক্ষার রিপোর্টের ভিত্তিতেই প্রশাসনের কাছে বেদিয়া সম্প্রদায়ের ন্যায্য দাবি আরও জোরালোভাবে তুলে ধরা হবে।