প্রার্থী বদলে অস্বস্তি, তবু ময়দানে বিদ্যুৎ—অসন্তোষ সামলে জয়ের লক্ষ্যে বিজেপি

নিজস্ব সংবাদদাতা : আসন্ন বিধানসভা নির্বাচনে বালুরঘাট কেন্দ্রে প্রার্থী পরিবর্তনকে ঘিরে বিজেপির অন্দরে শুরুতে কিছুটা অসন্তোষ তৈরি হলেও, তা কাটিয়ে সংগঠনকে একজোট করার চেষ্টা জোরদার হয়েছে। প্রাক্তন বিধায়ক অশোক কুমার লাহিড়ীর পরিবর্তে বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী বিদ্যুৎ কুমার রায়কে প্রার্থী করায় দলের একাংশের কর্মীদের মধ্যে প্রশ্ন উঠেছিল। তবে সেই ক্ষোভ দ্রুত মিটিয়ে ফেলতে সক্রিয় হয়েছে জেলা নেতৃত্ব।প্রার্থী ঘোষণার পর থেকেই বিদ্যুৎ রায় মাঠে নেমে পড়েছেন পূর্ণ উদ্যমে। বাড়ি বাড়ি প্রচার, জনসংযোগ—সব ক্ষেত্রেই নিজের উপস্থিতি জোরদার করছেন তিনি। ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের আস্থা অর্জনের চেষ্টা চালাচ্ছেন।মঙ্গলবার সকালে বালুরঘাট শহরের হসপিটাল মোড় এলাকায় প্রচারে বেরিয়ে ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিতেও অংশ নেন বিজেপি প্রার্থী। সেখানেই তৃণমূলের কটাক্ষের জবাবে বিদ্যুৎ রায় স্পষ্ট ভাষায় জানান, “আমি মানুষের জন্য কাজ করতে রাজনীতিতে এসেছি।”দলীয় সূত্রের দাবি, প্রার্থী পরিবর্তন ঘিরে যে সাময়িক অস্বস্তি তৈরি হয়েছিল, তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। কর্মী-সমর্থকদের একজোট করেই ২৩ এপ্রিলের ভোটে বালুরঘাটে ‘পদ্ম ফোটানোর’ লক্ষ্যে এগোচ্ছে বিজেপি শিবির। এখন সকলের নজর ৪ মে—ফলাফলই ঠিক করবে, শেষ হাসি কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *