প্রার্থী ঘোষণার পরই বালুরঘাটে তৃণমূলে উৎসবের আমেজ, বিজেপিতে ক্ষোভ—উন্নয়নকেই হাতিয়ার করছেন অর্পিতা ঘোষ।

নিজস্ব সংবাদদাতা, ১৭ মার্চ, বালুরঘাট:- প্রার্থী ঘোষণা ঘিরে বালুরঘাট বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক আবহে স্পষ্ট দুই ভিন্ন ছবি ধরা পড়ল। একদিকে বিজেপির অন্দরে ক্ষোভ-বিক্ষোভের খবর সামনে আসছে বারবার, অন্যদিকে তৃণমূল কংগ্রেসে দেখা যাচ্ছে উচ্ছ্বাসের ঢেউ। প্রার্থী হিসেবে অর্পিতা ঘোষের নাম ঘোষণার পর সেই ব্যবধান আরও প্রকট হয়েছে। মঙ্গলবার বালুরঘাট শহরের ই-কর্নার মোড়ে পৌঁছতেই ঢাক-ঢোল বাজিয়ে অর্পিতা ঘোষকে ঘিরে ধরেন দলীয় কর্মী-সমর্থকেরা। গোটা এলাকা কার্যত উৎসবের মেজাজে ভরে ওঠে। সমর্থকদের উচ্ছ্বাসে তৈরি হয় একপ্রকার বিজয় মিছিলের আবহ। সেখান থেকে মিছিল করে তাঁরা পৌঁছন বুড়ামা কালী মন্দিরে, যেখানে পুজো দিয়ে প্রচারের সূচনা করেন তৃণমূল প্রার্থী।এদিন অর্পিতা ঘোষ জানান, জয়ী হলে বালুরঘাটের উন্নয়নকে আরও ত্বরান্বিত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। বিশেষ করে এলাকায় একটি মেডিক্যাল কলেজ গড়ে তোলা এবং দক্ষিণ দিনাজপুরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবন নির্মাণের জন্য উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।বিজেপির অন্দরের অসন্তোষ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি তা গুরুত্ব দিতে নারাজ। তাঁর বক্তব্য, ওটা কোনও ফ্যাক্টর নয়। সাধারণ মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দেবেন। উল্লেখ্য, গত দু’বারের নির্বাচনে পরাজয়ের মুখ দেখার পর এ বার উন্নয়নকেই মূল হাতিয়ার করে ঘুরে দাঁড়াতে মরিয়া তৃণমূল কংগ্রেস। প্রার্থী ঘোষণার পর দলের কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস সেই লড়াইয়ের ইঙ্গিতই দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *