প্রান্তিক গ্রাম থেকে আন্তর্জাতিক ময়দান— শ্রীলঙ্কায় কোচিংয়ে যাচ্ছে তপনের কিশোর ফুটবলার মুক্তাদির

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :গ্রামবাংলার মাঠে বল পায়ে স্বপ্ন বুনে যে ছেলেটি ফুটবলার হওয়ার স্বপ্ন দেখত, এবার সেই স্বপ্ন ছুঁয়ে ফেলল আন্তর্জাতিক দিগন্ত। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের প্রত্যন্ত চাঁচড়া গ্রামের বাসিন্দা ষষ্ঠ শ্রেণীর ছাত্র মুক্তাদির আলম শ্রীলঙ্কায় ফুটবল কোচিং নিতে যাচ্ছে। বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের উদ্যোগে আয়োজিত এক ফুটবল টুর্নামেন্ট থেকেই এই সুযোগ এসেছে মুক্তাদিরের জীবনে।

কয়েক মাস আগে বালুরঘাট টাউন ক্লাব মাঠে সাংসদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বড়সড় ফুটবল টুর্নামেন্ট। সেখানে অংশ নেয় প্রায় ৪৫০ জন খুদে ফুটবলার। সেই টুর্নামেন্ট পর্যবেক্ষণ করতে মুম্বই থেকে আসেন এক খ্যাতনামা ফুটবল কোচ। প্রতিভা খুঁজে নিয়ে তিনি মোট ন’জন ফুটবলারকে বিদেশে উন্নত প্রশিক্ষণের জন্য নির্বাচন করেন। তাঁদের মধ্যেই প্রথম সুযোগ পেয়েছে মুক্তাদির। আগামী ১৩ তারিখ শ্রীলঙ্কায় রওনা দেওয়ার আগে মুম্বইয়ে সাত দিনের বিশেষ ট্রেনিংও রয়েছে তার।প্রান্তিক গ্রাম থেকে উঠে এসে বিদেশে ফুটবল কোচিংয়ের সুযোগ পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত মুক্তাদির।

সে জানায়, “বালুরঘাটে টুর্নামেন্টে খেলেই আমাকে বিদেশের জন্য নির্বাচন করা হয়। এখন আরও ভালো খেলতে চাই, দেশের নাম উজ্জ্বল করতে চাই।”এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “খেলাধুলার মাধ্যমে গ্রামবাংলার প্রতিভাদের তুলে আনার লক্ষ্যেই এই উদ্যোগ। অত্যন্ত প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা এই ছেলেমেয়েরা বিদেশে প্রশিক্ষণ নিয়ে ফিরলে বাংলার ও দেশের ফুটবলে বড় অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।”ছেলের সাফল্যে গর্বিত মুক্তাদিরের বাবা, পেশায় শিক্ষক মতিউর রহমান। তাঁর কথায়, “চার-পাঁচ বছর বয়স থেকেই ওর স্বপ্ন ফুটবলার হওয়া। এতজন খেলোয়াড়ের মধ্যে আমার ছেলে নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত খুশি।”মাঠের ঘাসে শুরু হওয়া যে স্বপ্ন আজ আন্তর্জাতিক প্রশিক্ষণের পথে— মুক্তাদিরের এই যাত্রা নিঃসন্দেহে অনুপ্রেরণা হয়ে থাকল জেলার অসংখ্য খুদে ফুটবলারের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *