প্রতিষ্ঠা দিবসে সমাজসেবার বার্তা, বালুরঘাটে তৃণমূলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সমাজসেবার বার্তা পৌঁছে দিল বালুরঘাট শহরের উনিশ নম্বর ওয়ার্ড। পৌর প্রতিনিধি মহেশ পারখের উদ্যোগে এদিন ওয়ার্ড এলাকায় আয়োজন করা হয় এক সমাজসেবামূলক অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন ওয়ার্ডের কর্মী-সমর্থকরা। অনুষ্ঠান চলাকালীন অসহায় ও দরিদ্র মানুষদের মধ্যে কম্বল, শাড়ি, মশারি এবং শিশুদের জামা-প্যান্ট বিতরণ করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যাকিনটোশ বার্ন লিমিটেডের চেয়ারম্যান শংকর চক্রবর্তী। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু শীতবস্ত্র বিতরণই নয়, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ আরও মজবুত করতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই ওয়ার্ডের কর্মীদের মাধ্যমে প্রতিটি বাড়িতে নতুন বছরের ক্যালেন্ডার পৌঁছে দেওয়া হচ্ছে। ওই ক্যালেন্ডারে ওয়ার্ড সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও জরুরি ফোন নম্বরও উল্লেখ করা রয়েছে।শহরবাসীর একাংশের মতে, এই ধরনের সমাজসেবামূলক কর্মসূচি বালুরঘাট শহরের সামাজিক দায়িত্ববোধকে আরও দৃঢ় করে। বিশেষ করে শীতের মরশুমে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। স্থানীয় বাসিন্দারা জানান, রাজনীতির বাইরেও মানুষের পাশে থাকার এই মানসিকতাই শহরের জন্য প্রয়োজন।উল্লেখ্য, দুর্গাপূজার সময়েও উনিশ নম্বর ওয়ার্ডের তরফে নিয়মিতভাবে এই ধরনের সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

তখনও জামাকাপড়, খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অসহায় মানুষদের সাহায্য করা হয়ে থাকে। শহরবাসীর আশা, আগামী দিনেও এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং বালুরঘাটে আরও বেশি করে এমন মানবিক উদ্যোগ দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *