নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ৬ মার্চ:শহরে পার্কিং জোন রয়েছে, কিন্তু সেখানে গাড়ি নেই। উল্টে শহরের ব্যস্ত রাস্তাগুলিতেই যত্রতত্র দাঁড়িয়ে রয়েছে গাড়ি, অটো ও টোটো। ফলে প্রায় প্রতিদিনই বাজারের ব্যস্ত সময়ে তীব্র যানজটে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রশাসনিক নজরদারির অভাবে অবৈধ পার্কিংয়ের দখলে চলে যাচ্ছে বালুরঘাট শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা—এমনই অভিযোগ শহরবাসীরশহরের

তহবাজার, ডানলপ মোড়, বুড়ি কালীমন্দির চত্বর ও নিউমার্কেট এলাকায় প্রতিদিন দূরদূরান্ত থেকে বহু মানুষ কেনাকাটা করতে আসেন। কিন্তু সেই ভিড় সামাল দেওয়ার মতো পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা দীর্ঘদিন ধরেই ছিল না। সেই সমস্যার সমাধান করতেই ২০২৩ সালের ১৭ অক্টোবর জোড়াব্রীজ সংলগ্ন এলাকায় একটি নির্দিষ্ট পার্কিং জোন চালু করেছিল বালুরঘাট পুরসভা।কিন্তু স্থানীয়দের অভিযোগ, প্রথম দিকে কিছু গাড়ি সেখানে পার্ক করা হলেও পরে সেই উদ্যোগ কার্যত থমকে যায়। এখন অধিকাংশ সময়ই ফাঁকা পড়ে থাকে পার্কিং জোনটি।

অন্যদিকে বাজারের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে একাধিক অবৈধ পার্কিং। রাস্তার ধারে কিংবা মোড়ের মুখেই দাঁড়িয়ে থাকছে গাড়ি। তার জেরেই ব্যস্ত সময়ে মুহূর্তের মধ্যে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট।শহরবাসীর প্রশ্ন, যখন পুরসভার নির্দিষ্ট পার্কিং জোন রয়েছে, তখন রাস্তাজুড়ে অবৈধ পার্কিং চলতে পারে কীভাবে? কেন এতদিন ধরে এই পরিস্থিতি চললেও কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না?

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, পুলিশ ও পুরপ্রশাসনের নজরদারির অভাবেই এই সমস্যা ক্রমশ বাড়ছে। নিয়ম ভেঙে রাস্তায় গাড়ি দাঁড়ালেও অনেক সময়ই কোনও ব্যবস্থা নেওয়া হয় না বলেও অভিযোগ।বালুরঘাট পুরসভার চেয়ারম্যান সুরজিত সাহা অবশ্য জানিয়েছেন, বিষয়টি তাদের নজরে এসেছে। তিনি বলেন, শুধু অবৈধ পার্কিং নয়, অনেক জায়গায় রাস্তা দখল করে দোকানও বসেছে। প্রশাসনের সঙ্গে কথা বলে খুব শীঘ্রই অভিযান চালানো হবে। অবৈধ পার্কিং বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে শহরবাসীর একাংশের বক্তব্য, এমন আশ্বাস আগেও মিলেছে। এখন দেখার প্রশাসন সত্যিই ব্যবস্থা নেয় কি না, নাকি যানজটের সমস্যাই থেকে যায় আগের মতোই।