নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :
পাড়ার দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হওয়ার পথে। ‘পাড়ায় সমাধান’ প্রকল্পের আওতায় বালুরঘাট পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে দু’টি নতুন কংক্রিটের রাস্তা নির্মাণের কাজের শিলান্যাস করলেন পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর দীপান্বিতা দেব সিংহ।চেয়ারম্যান জানান, লোকনাথ মিশন এলাকার এই দু’টি রাস্তার বেহাল অবস্থার জন্য এলাকাবাসী বহুদিন ধরে বিপাকে পড়ছিলেন। রাস্তাগুলি অনেকটাই নিচু হওয়ায় অল্প বৃষ্টিতেই জমে যেত জল। আশপাশের ড্রেনগুলিও নীচু থাকায় বাড়ত দুর্ভোগ। পাড়ায় সমাধান শিবিরে বারবার এই সমস্যার কথা তুলে ধরেছিলেন বাসিন্দারা। সেই দাবিকেই গুরুত্ব দিয়ে শেষমেশ রাস্তা দুটির সংস্কার ও নতুন কংক্রিট ঢালাইয়ের কাজ শুরু হল।শিলান্যাস অনুষ্ঠান থেকে অশোক মিত্র বলেন, “এই দু’টি রাস্তা ছিল এলাকাবাসীর বহুদিনের দাবি। জল জমে যাওয়ার সমস্যায় মানুষকে ভোগান্তিতে পড়তে হত। আজ সেই সমস্যার সমাধানেই কাজের উদ্বোধন করা হল। পুরসভা প্রতিশ্রুতিবদ্ধ—ওয়ার্ডের প্রতিটি সমস্যার দ্রুত নিষ্পত্তি করা হবে।”এলাকাবাসীর আশা, এই উদ্যোগে তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমবে।