নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :
ভ্যালেন্টাইনস ডে, ফ্রেন্ডশিপ ডে, বাঘ দিবস কিংবা সিংহ দিবস—বছরের দিনপঞ্জি ভর্তি নানা দিবসে। কিন্তু যে পাখিদের ডাকে ভোরের শুরু, যাদের উপস্থিতি প্রকৃতিকে বাঁচিয়ে রাখে, সেই পাখিদের উদ্দেশে আলাদা করে কোনও সরকারি স্বীকৃত দিবস নেই বললেই চলে। ঠিক এই অভাব থেকেই বালুরঘাটের পরিবেশপ্রেমীদের উদ্যোগে গত বারো বছর ধরে ১২ ডিসেম্বর দিনটিকে ‘পাখি দিবস’ হিসেবে পালন করা হয়। সেই ধারাকে এগিয়ে নিয়ে এ বছরও শুক্রবার বিশেষ আয়োজনের মধ্য দিয়ে পালিত হল বালুরঘাটের নিজস্ব পাখি দিবস।এ দিনের কর্মসূচির আয়োজন করেছিল সামাজিক সংস্থা ‘প্রত্যুষ’ এবং ‘ইকো ফ্রেন্ডস অর্গানাইজেশন’। সকাল থেকেই শহরে উৎসবমুখর পরিবেশ। বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় চকভৃগু এলাকা থেকে। হাতে বিভিন্ন প্ল্যাকার্ড, মুখে স্লোগান—‘পাখিকে ভালোবাসো’, ‘পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও’, ‘প্রকৃতির বন্ধু পাখি’—এমন নানা আহ্বান। শোভাযাত্রা গিয়ে পৌঁছয় থানা মোড়ে।উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব প্রদোষ মিত্র, পরিবেশবিদ তুহিন শুভ্র মণ্ডল, প্রত্যুষের কর্ণধার কৃষ্ণপদ মণ্ডল-সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের মূল বার্তা একটাই—মানুষের অবহেলা, দূষণ, নির্বিচারে গাছ কাটা, বাস্তুতন্ত্রের অবক্ষয়—সব মিলিয়ে ক্রমশ বিপন্ন হয়ে পড়ছে পাখিরা। তাই পাখির বাসস্থান রক্ষা, খাদ্যাভ্যাস বজায় রাখা এবং প্রকৃতির প্রতি মানুষের দায়বদ্ধতা বাড়ানোর ডাক দেন আয়োজকেরা।পরিবেশবিদ তুহিন শুভ্র মণ্ডল বলেন, “আজ প্রস্তাবিত বিশ্ব পাখি দিবস উদযাপন করলাম আমরা। প্রত্যুষ এবং ইকো ফ্রেন্ডসের সৌজন্যে এই পথযাত্রা করা হয়েছে। পাখির প্রতি ভালোবাসা ও সংরক্ষণের বার্তা পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য।” তিনি আরও জানান, ২০১২ সালের ১২ ডিসেম্বর এই উদ্যোগ শুরু করেছিলেন বালুরঘাটের প্রয়াত ডাক্তার দেবব্রত ঘোষ। তাঁর স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে প্রতিবছরই এই দিবস আয়োজন করে আসছেন পরিবেশপ্রেমীরা।শহরের পরিবেশ রক্ষায় এ এক অভিনব উদ্যোগ। পাখিদের জন্য মানুষের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে বালুরঘাটের এই ‘পাখি দিবস’ এখন শহরের বার্ষিক ক্যালেন্ডারের গুরুত্বপূর্ণ দিনে পরিণত হয়েছে।