নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :
রাজ্যের রাস্তাঘাটের উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষিত পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ দফায় এবার জোর পড়ছে শহরাঞ্চলের ওপর। পথশ্রী–৪ ও পথশ্রী আরবান প্রকল্পের মাধ্যমে রাজ্যের সব শহরে বিস্তৃত পরিকাঠামো সংস্কারের কাজ শুরু হতে চলেছে। সেই কর্মসূতির অংশ হিসেবেই বালুরঘাট পৌরসভা এলাকায় বড় মাপের রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।বৃহস্পতিবার দুপুরে সুবর্ণতট সভাগৃহে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানালেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। উপস্থিত ছিলেন এমসিআইসি বিপুল কান্তি ঘোষ, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও আধিকারিকেরা।অশোকবাবু জানান, পথশ্রী–৪ প্রকল্পে বালুরঘাট পৌর এলাকায় মোট ৪৭ কিলোমিটার ৪৫০ মিটার রাস্তার কাজ হবে। এর মধ্যে ৩৪ কিলোমিটার ৬৩৫ মিটার বিটুমিনাস রাস্তা এবং ১২ কিলোমিটার ৮১৫ মিটার সিমেন্টের রাস্তা তৈরি বা সংস্কার করা হবে। শুধু সংস্কার নয়, বহু জায়গায় রাস্তা বর্ধিতকরণের কাজও করা হবে বলে জানান তিনি।গ্রামাঞ্চলের পর এবার শহরাঞ্চলেও রাস্তাঘাটের মানোন্নয়নে মুখ্যমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অশোকবাবু বলেন, “বালুরঘাটসহ রাজ্যের প্রতিটি পৌর এলাকায় উন্নত রাস্তা গড়ে দেওয়ার যে সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ।” পৌর সূত্রে জানা গিয়েছে, শীঘ্রই দরপত্র প্রক্রিয়া শেষ করে কাজ শুরু হবে।