নিজস্ব সংবাদদাতা, ২৯ জানুয়ারি,বালুরঘাট :রাজ্যজুড়ে রাস্তাঘাটের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প অথশ্রী। সেই প্রকল্পের আওতায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় শুরু হল নতুন রাস্তা নির্মাণের কাজ।জানা গেছে, প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা নির্মাণে ব্যয় হবে আনুমানিক ৫৭ লক্ষ ৫৪ হাজার টাকা। মঙ্গলবার দুপুরে ফিতা কেটে ও নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক সূচনা করেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য ও বালুরঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট অশোক কৃষ্ণ কুজুর। উপস্থিত ছিলেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। এদিনের অনুষ্ঠানে স্থানীয় গ্রামবাসীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।এই প্রসঙ্গে অশোক কৃষ্ণ কুজুর বলেন, দীর্ঘদিন ধরেই এলাকার মানুষ এই রাস্তার সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। পঞ্চায়েত নির্বাচনের সময় প্রচারে এসে গ্রামবাসীদের কাছ থেকেই সেই দাবি শুনেছিলেন তাঁরা। অবশেষে রাজ্য সরকারের অথশ্রী প্রকল্পের মাধ্যমে সেই দাবি পূরণ হতে চলেছে।অন্যদিকে, অরূপ সরকার বলেন, বহু বছর ধরে এই এলাকার মানুষের যাতায়াতে বড় সমস্যা ছিল। বারবার রাস্তাটি সংস্কারের কথা উঠেছে।কাজ শুরু হওয়ায় এলাকার মানুষ স্বস্তি পেয়েছেন এবং খুশি।নতুন রাস্তা তৈরি হলে সীমান্তবর্তী এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা।